এগিয়ে যাবেই বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের সুধী সমাবেশে অংশ নেওয়া বিশিষ্টজনেরা ষ ছবি: প্রথম আলো
ময়মনসিংহের সুধী সমাবেশে অংশ নেওয়া বিশিষ্টজনেরা ষ ছবি: প্রথম আলো

বাংলাদেশের শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের প্রায় ৯০ শতাংশ শিশুই স্কুলে যায়। তারাই একদিন শিক্ষিত হয়ে বিভিন্ন পেশায় যাবে। তাদের মেধায় বাংলাদেশ একদিন এগিয়ে যাবে। এ ছাড়া কৃষি, ক্ষুদ্রশিল্প, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের শ্রম ও মেধায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রাজনীতি নিয়ে দেশে এখনো সহনশীলতার অভাব থাকলেও ওই সব মানুষের অক্লান্ত চেষ্টায় বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ লেডিস ক্লাব প্রাঙ্গণে প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ইউরোপের অনেক দেশের কাছাকাছি চলে যেতে পারে।

অনুষ্ঠানে ময়মনসিংহবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন প্রবীণ আইনজীবী ও ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান। তিনি বলেন, ‘প্রথম আলো মুক্তিযুদ্ধের পক্ষের কাগজ। আশা করি, এই পথ প্রথম আলো কোনো দিনও হারাবে না।’

এর আগে সন্ধ্যায় ছয়টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের সুধীজনেরা আসতে থাকনে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সরকারি আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি কলেজ, ময়মনসিংহের বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল, কলেজসহ প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন, নারীবাদী সংগঠনের নেতারা উপস্থিত হন। প্রথম আলোর ময়মনসিংহ ও কিশোরগঞ্জের কয়েকজন প্রতিনিধিও আসেন সুধী সমাবেশে।

 প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় ময়মনসিংহ লেডিস ক্লাব প্রাঙ্গণ। আলোর ঝলকানির মাঝে আমন্ত্রিত অতিথিদের মিলন মেলায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। বিভিন্ন পেশার সুধীজন পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সন্ধ্যা ছয়টা থেকে পৌনে সাতটা পর্যন্ত। এরপর প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজের সঞ্চালনায় শুরু হয় মূল পর্ব। প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত একটি তথ্যচিত্র ও তিনটি বিজ্ঞাপন আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যের পর গান গেয়ে শোনান মাহমুদুজ্জামান বাবু। অনুষ্ঠানে উপস্থিত সুধীজনেরা প্রথম আলোর ১৫ বছর পূর্তিতে প্রথম আলো পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান। পাশাপাশি আগামী দিনে প্রথম আলোর পথ চলা যেন আরও নিবিঘ্ন হয়, সেই আশাবাদ ব্যক্ত করেন। রাত আটটায় শুরু হয় নৈশভোজ। ৪০০ অতিথির সবাই একসঙ্গে বসে আনন্দঘন পরিবেশে নৈশভোজ সারেন।