এগিয়ে যেতে চায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টিপ্রতিবন্ধী বাবা আজিজার রহমান ভিক্ষা করেন। মা তুরপুর বেগম করেন ঝিয়ের কাজ। বড় ভাই অন্যের দোকানে কাজ করেন। তাঁদের আয়ে টেনেটুনে চলে সংসার। এই পরিবারের সন্তান জাহিদুর ইসলাম। বাড়ি বগুড়া সদর উপজেলার এরুলিয়া জিলাদারপাড়ায়। দুই বেলা ঠিকমতো পেট পুরে খেতেও পারেনি। লেখাপড়ার খরচ জোগাতে করতে হয়েছে গৃহশিক্ষকতা। সব প্রতিকূলতা পেরিয়ে জাহিদুর ইসলাম এবার এরুলিয়া উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর গ্রামের লাইলি বেওয়ার মুখে হাসি ফুটেছে। কারণ, তাঁর ছেলে সাইফুল ইসলাম এবার আকলাশ শিবপুর শ্যামপুর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে। তিনি জানান, সাইফুলের বাবা নুরুল ইসলাম ১০ বছর আগে মারা গেছেন। খুব কষ্টে পড়াশোনা করতে হয়েছে। পড়াশোনার খরচ জোগাড় করার জন্য সাইফুল অন্যের বাড়িতে কাজ করেছে। সাইফুল ইসলাম জানায়, লেখাপড়া করে সে ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চায়।বাবা ছপিরউদ্দিন দিনমজুরি ও মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। কাজ না জুটলে খাবারও জোটে না। তাঁদের সন্তান সাদেকা আক্তার কাপড় সেলাইয়ের কাজ করে সংসারে সহায়তা করার পাশাপাশি লেখাপড়ার খরচ জুগিয়েছে। তাঁদের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী গ্রামে। তবে রংপুরের তারাগঞ্জ ও-এ বালিকা স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল সাদেকা। কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম বলেন, জিপিএ-৫ পাওয়া সাদেকা পড়াশোনা চালিয়ে যেতে পারলে অনেক ভালো করবে।[প্রতিবেদন পাঠিয়েছেন আনোয়ার পারভেজ, বগুড়া; আজিজার রহমান, ক্ষেতলাল (জয়পুরহাট) ও রহিদুল মিয়া, তারাগঞ্জ (রংপুর)]