এগুলো কি গুম হওয়া সীমার?
ঝালকাঠির রাজাপুর উপজেলার কলাতোপাসংলগ্ন বিষখালী নদীর চর থেকে গতকাল বুধবার পুলিশ এক নারীর মৃতদেহের দুটি খণ্ড উদ্ধার করেছে। পুলিশের ধারণা, এগুলো খুনের পর লাশ গুম করে ফেলা গৃহবধূ সীমা আক্তারের।
গৃহবধূর পরিবার সূত্র জানায়, গত ৩০ মার্চ গভীর রাতে রাজাপুরের সাউথপুর গ্রামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে স্ত্রী সীমা আক্তারকে (২৪) খুন করেন তাঁর স্বামী সৌদিপ্রবাসী মিজান খন্দকার (৩৪)। পরে সীমার লাশ গুম করে পালিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করেন মিজান।
১ এপ্রিল বিকেলে মিজানের বন্ধু এনায়েত গোমস্তা ঢাকার মতিঝিল থানাকে বিষয়টি জানালে পুলিশ মিজান খন্দকারকে আটক করে। গত রোববার তাঁর ভগ্নিপতি মিজান হাওলাদারকেও আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বেলা দুইটার দিকে কলাতোপা এলাকাসংলগ্ন বিষখালী নদীর চরে গাছের ডালের সঙ্গে একটি প্লাস্টিকের বস্তা দেখা যায়।
পরে বস্তার কাছে গিয়ে এর ভেতরে এক নারীর বুকের বাঁ পাশের অংশ ও বাঁ হাতের কবজি দেখা যায়। পরে স্থানীয় লোকজন রাজাপুর থানায় খবর দেন। খবর পেয়ে বেলা তিনটার দিকে রাজাপুর থানার পুলিশ মৃতদেহের দুটি খণ্ড উদ্ধার করে। বস্তাটির ভেতরে পাঁচটি ইটও ছিল। ধারণা করা হচ্ছে, বস্তাটি যাতে ভেসে না ওঠে, সে জন্য এর ভেতরে ইট দেওয়া হয়।
গৃহবধূ সীমা খুনের ঘটনায় তাঁর বড় ভাই পিরোজপুর জেলার খামকাটা গ্রামের মাজেদুল ইসলাম বাদী হয়ে ২ এপ্রিল মিজান খন্দকারসহ চারজনকে আসামি করে রাজাপুর থানায় মামলা করেন। মামলায় মিজান খন্দকার ছাড়াও তাঁর ছোট ভাই সবুজ খন্দকার, বোন শাহনাজ বেগম ও ভগ্নিপতি মিজান হাওলাদারকে আসামি করা হয়েছে। মিজান খন্দকার ও মিজান হাওলাদারকে ৩ এপ্রিল ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবাইয়া আমেনার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, মিজান খন্দকার ও তাঁর ভগ্নিপতি মিজান হাওলাদার বর্তমানে রাজাপুর থানায় পুলিশ হেফাজতে আছেন। মিজান খন্দকার জিজ্ঞাসাবাদে বলেছেন, সীমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এরপর ওই দিন রাতে সীমার লাশ ভগ্নিপতি মিজান হাওলাদারের অটোরিকশায় করে নিজবাড়ি একই উপজেলার বাঁশতলা গ্রামে নিয়ে যান তিনি। বাড়িতে লাশ রেখে তিনি (মিজান খন্দকার) ৩১ মার্চ সকালে ঢাকায় চলে যান। এরপর পরিবার লাশ কী করেছে, তা তিনি জানেন না।
এদিকে লাশের খণ্ডাংশ উদ্ধারের খবর জেনে গতকাল বিকেলে রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রকিব, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস কলাতোপা এলাকা পরিদর্শন করেন।
ওসি শেখ মুনীর উল গীয়াস গতকাল বিকেলে বলেন, ‘আমাদের ধারণা, উদ্ধার হওয়া মৃতদেহের এসব অংশ খুন হওয়া গৃহবধূ সীমা আক্তারের। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহের এসব অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠাব।’
তিন বছর আগে পিরোজপুর জেলার খামকাটা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আমজেদ হোসেনের মেয়ে সীমা আক্তারের সঙ্গে রাজাপুরের বাঁশতলা গ্রামের সৌদিপ্রবাসী মিজান খন্দকারের বিয়ে হয়। মিজানের প্রথম পক্ষের স্ত্রী থাকায় সীমা কখনো শ্বশুরবাড়ি যাননি।
গত ২৮ মার্চ রাজাপুরে আলাদা বাড়িভাড়া করা হয়েছে বলে সীমাকে তাঁর বাবার বাড়ি পিরোজপুর থেকে রাজাপুরে নিয়ে যান মিজান খন্দকার। ৩০ মার্চ সীমা সর্বশেষ মুঠোফোনে তাঁর ভাই বাদশা মিয়াকে জানান, তিনি বিপদের মধ্যে আছেন। এরপর সীমার আর কোনো খবর পায়নি তাঁর পরিবার। এর দুই দিন পর ১ এপ্রিল পিরোজপুর থানার পুলিশ ঢাকার মতিঝিল থানা-পুলিশের বরাত দিয়ে জানায়, সীমাকে হত্যা করা হয়েছে। তাঁর স্বামীকে মতিঝিল থানার পুলিশ আটক করেছে। এ নিয়ে ৪ এপ্রিল প্রথম আলোয় ‘স্ত্রীকে হত্যার পর লাশ গুম করে বিদেশে পালানোর চেষ্টা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।