রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে অবস্থিত শিক্ষকদের আবাসিক ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। শিক্ষকেরা ও তাঁদের পরিবার-পরিজন ঝুঁকি নিয়ে সেসব ভবনে বসবাস করছেন। ১৯১৬ সালের কলেজ প্রতিষ্ঠার পর শিক্ষকদের বসবাসের সুবিধার্থে ৩৮টি বাড়ি নির্মাণ করা হলেও ৩০ বছরে কোনো সংস্কার হয়নি। কলেজ সূত্র জানায়, সংস্কারের অভাবে ভবনগুলো বিধ্বস্ত হয়ে পড়েছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেও ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে শিক্ষকদের। সরজেমিন দেখা গেছে, এসব বাড়ির চারদিকে আগাছা, ঝোপঝাড়, ময়লা, নোংরা, আবর্জনায় ভরা। অধিকাংশ বাড়ির টিন ফুটো, মরচেধরা, দেয়ালগুলোর পলেস্তারা খসে পড়েছে ও স্যাঁতসেঁতে। আবাসিক এলাকায় বসবাসরত গণিত বিভাগের শিক্ষক মাহবুবার রহমান বলেন, ‘ঘরের টিনের অবস্থা খুবই খারাপ। সেই সঙ্গে নিরাপত্তার অভাব তো রয়েছেই।’ হিসাববিজ্ঞানের শিক্ষক ইউসুফ আলী বলেন, ‘বৃষ্টি হলেই হাঁড়ি-পাতিল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। বাড়ির চারদিকে খোলা হওয়ায় দিনের বেলায়ও চুরি হয়।’ ইতিহাস বিভাগের শিক্ষক হোসনে আরা বলেন, ‘বিদ্যুতের তারগুলো ভালোভাবে ওয়্যারিং করা হয়নি। অনেক আগের ওয়্যারিং করায় এখন তা বিপজ্জনক হয়ে পড়েছে।’ শিক্ষকেরা অভিযোগ করেন, এসব বাড়িতে রাতে বসবাস করতে ভয় লাগে তাঁদের। কারণ চারদিক খোলা। কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদ বলেন, বাড়িগুলো সংস্কার করতে কোনো টাকা বরাদ্দ নেই। কোনো শিক্ষক ইচ্ছে করলে নিজ খরচে মেরামত করতে পারেন।