এজলাসে আবার অনুপস্থিত রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগ আনা রাষ্ট্রপক্ষই গতকাল রোববার আদেশের দিনে ট্রাইব্যুনালে অনুপস্থিত রইল। এই অনুপস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক’ মন্তব্য করে আদেশ মুলতবি রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বেলা দুইটার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হয়। কার্যতালিকায় প্রথমে ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আদেশ। সাকার মামলায় ট্রাইব্যুনালের রায়ের খসড়া ফাঁসের মামলার আসামি ফখরুল কারাগারে আটক থাকায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। তাঁর পক্ষে উপস্থিত ছিলেন সহযোগী আইনজীবী হুজ্জাতুল ইসলাম। কিন্তু এ সময় রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি এজলাসে উপস্থিত ছিলেন না।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের কৌঁসুলি) সাহেবরা কোথায়? তাঁরা জানেন না যে আমরা বসব?’ পরে ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা চাই, ফখরুল ইসলামের উপস্থিতিতে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগের বিষয়ে আদেশ দেব। কিন্তু যেহেতু তিনি অন্য মামলায় আটক আছেন, আমরা আদেশ মুলতবি করলাম।’ আদেশের জন্য ৩০ অক্টোবর পরবর্তী দিন ধার্য করা হয়।

কার্যতালিকার দ্বিতীয় স্থানে ছিল কালের কণ্ঠ পত্রিকার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আনা আবেদনের বিষয়ে আদেশ। ট্রাইব্যুনাল আদেশে বলেন, রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি ট্রাইব্যুনালে উপস্থিত নেই। এটা অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক। ৩০ অক্টোবর পরবর্তী দিন ধার্য করা হলো।

গত ১১ মে কালের কণ্ঠ পত্রিকায় ‘অদক্ষ প্রসিকিউশনের কর্মকাণ্ড দ্রুত বিচার শেষ করতে বাধা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ২২ মে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী পত্রিকার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। গতকাল এর আদেশের দিন ধার্য ছিল।

এ বিষয়ে মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘এটা খুবই দুঃখজনক, ভুল হয়ে গেছে। আমার একদম খেয়াল ছিল না। এ ছাড়া শারীরিক অসুস্থতার জন্য আমি দেরিতে ট্রাইব্যুনালে যাই। তবে অন্য কোনো কৌঁসুলি উপস্থিত থাকতে পারতেন।’

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের অনুপস্থিতি বা দেরি করে উপস্থিতি আগেও একাধিকবার হয়েছে। ২০১২ সালের ৮ জুন ট্রাইব্যুনাল-২-এ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রায় এক ঘণ্টা চললেও রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি উপস্থিত ছিলেন না। সেদিন ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, ‘সরকার ২০ জন কৌঁসুলি নিয়োগ করেছে, অথচ তাঁদের একজনও এখানে উপস্থিত নেই। এটা কি দুঃখজনক নয়?’ ওই বছরের ২৮ মে এজলাসে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দেরি করে উপস্থিত হওয়ায় ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করেন।