এজলাসে তালা দেওয়ার ঘটনায় তদন্তের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালতে আইনজীবীর হাতে এক বেঞ্চ সহকারী লাঞ্ছিত হওয়ার অভিযোগের জের ধরে এজলাসে তালা লাগানো এবং বেঞ্চ সহকারীদের কর্মবিরতি পালনের ঘটনাটি তদন্ত করে দেখার সিদ্ধান্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে জেলা ও দায়রা জজসহ বিচারকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ বলেন, এজলাসে বেঞ্চ সহকারীরা তালা দেওয়াসহ নানা বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। এ ছাড়া বার ও বেঞ্চের মধ্যে সম্পর্ক ঠিক রাখতে সতর্ক থাকারও সিদ্ধান্ত হয়।
১১ মার্চ বিকেলে চট্টগ্রাম সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কেফায়েত উল্লাহকে আইনজীবীরা লাঞ্ছিত করার অভিযোগে পরদিন সকাল থেকে বেঞ্চ সহকারীরা কর্মবিরতি পালন করেন। এর আগে তাঁরা এজলাসে দুই ঘণ্টা তালা ঝুলিয়ে রাখেন। এ নিয়ে আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
পরে দুই পক্ষের আটজন প্রতিনিধি নিয়ে বৈঠক হওয়ার সিদ্ধান্ত হলে ১২ মার্চ বিকেলে কর্মবিরতি স্থগিত করেন বেঞ্চ সহকারীরা।