এজলাসের সামনে স্ত্রীকে পিটিয়ে কারাগারে স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে বিচারকের এজলাসের দরজার সামনেই নিজের স্ত্রীকে পেটালেন আবদুর রহমান (৩০) নামের এক ব্যক্তি। এই ঘটনা এজলাসে বসে দেখার পর তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেন চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় এজলাস কক্ষের দরজার সামনে এ ঘটনা ঘটে। দণ্ডাদেশপ্রাপ্ত আবদুর রহমান নগরের কদম মোবারক এলাকার জাফর আহমেদের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী ফয়সাল নুর প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় এজলাস কক্ষের দরজার সামনে মারধরের এ ঘটনা ঘটে। এ সময় এজলাসে বিচারকের আসনে বসা ছিলেন চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল-ইমরান খান। তিনি এ ঘটনা দেখার পর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা প্রহরায় থাকা পুলিশ কনস্টেবল নুপুর দাশকে মারধরকারী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। পুলিশ আবদুর রহমান এবং ভুক্তভোগী তাঁর স্ত্রী শারমিন আকতারকে আদালতে হাজির করে।

 চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ভুক্তভোগী শারমিন আকতার আদালতের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন, তাঁর স্বামী আবদুর রহমান প্রায়ই যৌতুকের দাবিতে তাঁকে মারধর করেন। আবদুর রহমান দ্বিতীয় বিয়েও করেছেন বলে অভিযোগ করেন তিনি। একটা কাজে গতকাল আদালতে এলে স্বামী তাঁকে দেখতে পেয়ে আদালতের দরজার সামনেই মারধর শুরু করেন এবং মোবাইলসহ ব্যাগ ছিনিয়ে নেন। বিচারকের কাছে দোষ স্বীকারও করেন আবদুর রহমান। ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দিয়ে আদালতের নির্দেশে গতকালই তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।