এজাজের লাশ আজ ঢাকায় আনা হচ্ছে
সাভারে ধসে পড়া রানা প্লাজায় এক পোশাকশ্রমিককে উদ্ধারের চেষ্টাকালে অগ্নিদগ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া স্বেচ্ছাসেবক এজাজ উদ্দিন কায়কোবাদের লাশ আজ সোমবার ঢাকায় আনা হচ্ছে। আজ দুপুর ১২টায় থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তাঁর লাশ ঢাকায় পৌঁছার কথা।সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে পোশাকশ্রমিক শাহীনা আক্তারকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন এজাজ উদ্দিন কায়কোবাদ। গুরুতর আহত এজাজকে চিকিৎসকের পরামর্শে ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে গত বুধবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছিল। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে তিনি মারা যান।প্রধানমন্ত্রীর শোক: বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিদগ্ধ স্বেচ্ছাসেবক এজাজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।শোকবার্তায় শেখ হাসিনা এজাজের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এদিকে এজাজ উদ্দিনের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, এজাজের ত্যাগ ও দেশপ্রেম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মরণ করা হবে।ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এক বিবৃতিতে এজাজকে জাতীয় বীর ঘোষণা এবং সাভারের ভবনধসের সব উদ্ধারকর্মীকে বিশেষ সম্মাননা দেওয়ার আহ্বান জানান।