মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা গ্রহণে পুলিশের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলা এজাহার হিসেবে গ্রহণের অনুমোদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পুলিশ। আজ শনিবার নগরের কোতোয়ালি থানা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে এ চিঠি পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মামলা করেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন। পরে আদালত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।
অভিযোগে বাদী উল্লেখ করেন, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর সরবরাহ করা সংবাদ এক–এগারোর সময় পরিবেশন করে জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ক্ষতি করেছেন মাহফুজ আনাম। যাচাই-বাছাই না করে খবরটি ছাপানো ভুল ছিল, যা ৩ ফেব্রুয়ারি টিভি টক শোতে স্বীকারও করেছেন মাহফুজ আনাম। তিনি দণ্ডবিধি আইনের ১২৩ (ক) ও ১২৪ (ক) ধারায় অপরাধ করেছেন।
আজ শনিবার দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর নিয়ম অনুযায়ী রাষ্ট্রদ্রোহের মামলাটি গ্রহণের অনুমোদনে স্বরাষ্ট্রসচিব বরাবরে আজ ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত ‘ডেইলি স্টার’-এর সম্পাদকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মোট ৭৮ টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে ২১ টিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। প্রায় সব কয়টি মামলার বাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী ও সরকারি কৌঁসুলি।