নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আট নম্বর আসামি ও বিএনপি নেতা তারেক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে হজরত শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।তারেক নরসিংদী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি। তাঁকে নিয়ে লোকমান হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিসহ ১১ জন গ্রেপ্তার হলেন।গতকাল সোমবার বেলা তিনটার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তারেককে নরসিংদী মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। হাকিম নিতাই চন্দ্র সাহা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত পৌর নির্বাচনে মেয়র লোকমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তারেক আহমদ। লোকমান হত্যার দুই দিন আগে গত ৩০ অক্টোবর দেশ ছাড়েন তিনি। লোকমান হত্যাকাণ্ডের পর এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য বিমানবন্দর ইমিগ্রেশনের কাছে ছবিসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে নরসিংদী গোয়েন্দা পুলিশ। গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে তারেক কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার পরপরই গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে আটক করেন। রাতে নরসিংদী পুলিশের একটি দল বিমানবন্দরে গিয়ে তারেককে গ্রেপ্তার করে নিয়ে আসে।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, লোকমান হত্যাকাণ্ডে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে তারেকের সম্পৃক্ততা রয়েছে। আদালত চত্বরে তারেকের ভাতিজা আদনান সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর চাচা তারেক আহমদকে মামলায় জড়ানো হয়েছে। নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘হত্যার সঙ্গে যাঁদের সম্পৃক্ততা রয়েছে, উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।’‘কিলার’ শরীফের রিমান্ড শেষ আজ: লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া নাজমুল হাসান ওরফে কিলার শরীফ, আওলাদ হোসেন ও সারোয়ার হোসেনকে হত্যা মামলায় ১০ দিন, অস্ত্র মামলায় চার দিন এবং মীর দেলোয়ার হোসেনকে শুধু অস্ত্র মামলায় চার দিনের রিমান্ডে নেয় নরসিংদী গোয়েন্দা পুলিশ। হত্যা ও অস্ত্র মামলায় আজ মঙ্গলবার শরীফের মোট ১৪ দিনের রিমান্ড শেষ হচ্ছে। পুলিশের দাবি, গত ১ নভেম্বর শরীফের গুলিতে মেয়র লোকমান নিহত হন।