নরসিংদীর সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলার পাঁচ নম্বর আসামি নুরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশ গতকাল রোববার দুপুরে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। নুরুল ইসলামের পরিবারের ভাষ্যমতে, নুরুল ইসলাম ব্যবসাসংক্রান্ত কাজে গত ১৫ অক্টোবর মালয়েশিয়া যান। এরই মধ্যে তাঁকে লোকমান হত্যা মামলার আসামি করা হয়। আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যে তিনি দেশে ফিরছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ দুপুর একটার দিকে তাঁকে গ্রেপ্তার করে। নুরুল ইসলামের ভগ্নিপতি নাজমুল হাসান বলেন, তাঁর শ্যালক মালয়েশিয়ায় ফার্নিচারের ব্যবসা করেন। এ ব্যবসার কাজে গত বছরই তিনি তিনবার মালয়েশিয়া যান। লোকমান হত্যা মামলায় আত্মসমর্পণের উদ্দেশ্যে তিনি দেশে ফিরছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে করে দেশে ফেরেন। বিমানবন্দর পুলিশ গ্রেপ্তারের পর বেলা আড়াইটার দিকে তাঁকে নরসিংদী গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। জেলা গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র নুরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ (রোববার) বা কাল যেকোনো সময় তাঁকে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হতে পারে।’লোকমান হোসেন গত বছরের ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় তাঁর ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়। এ পর্যন্ত এ মামলায় নুরুল ইসলামসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এজাহারভুক্ত ১৩ জন এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে ১০ জনের বিরুদ্ধে। এখন পর্যন্ত আটজন বিভিন্ন মেয়াদের রিমান্ডে ১৬৪ ধারায় লিখিত জবানবন্দি দিয়েছেন। এজাহারভুক্ত ১১ আসামিসহ মোট ১৩ জন বর্তমানে জামিনে মুক্ত।