এজাহারভুক্ত আসামির ৯৫ ভাগই অজ্ঞাতনামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় ১৫৯টি মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে ৯৫ ভাগই অজ্ঞাতনামা। আবার এসব মামলায় যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে অর্ধেকেরও বেশি অজ্ঞাতনামা।
আসামিদের সবাই বিএনপি ও জামায়াতের সমর্থক। বিএনপির অভিযোগ, তাদের নেতা-কর্মীদের হেনস্তা করতেই এভাবে হাজার হাজার অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। তবে জেলা পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
গাইবান্ধার মোট পাঁচটি আসনের মধ্যে চারটিতে ভোট গ্রহণ হয়। নির্বাচনের তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণ পর্যন্ত ভাঙচুর, অগ্নিসংযোগসহ সহিংসতার ১৫৯টি ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের প্রায় ২৩ হাজার ৯১৬ নেতা-কর্মীকে আসামি করে ১৫৯টি মামলা করে। এর মধ্যে ১ হাজার ১২১ নেতা-কর্মীর নাম এজাহারে রয়েছে। আর ২২ হাজার ৭৯৫ জনকে অজ্ঞাত দেখানো হয়।
গাইবান্ধা সদরসহ পাঁচটি উপজেলার থানার সূত্র জানায়, নাম উল্লেখ করে ইতিমধ্যে ১ হাজার ৯৯ জনকে অভিযুক্ত করে ৯২টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গত বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে ৩৮০ জনই অজ্ঞাতনামা আসামি, একেকজনের বিরুদ্ধে ১০-১২টি করে মামলা রয়েছে। এর মধ্যে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি শাহ আলমের বিরুদ্ধে ৩৩টি মামলা বিচারাধীন।
পাঁচ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ৫১টি মামলা হয় গোবিন্দগঞ্জ উপজেলায়। এসব মামলায় প্রায় ৪০০ জনকে অজ্ঞাত ও ৬১৩ জনের নাম উল্লেখ করা হয়। গ্রেপ্তার হন ২০০ জন। এর মধ্যে ২০ জন বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যরা জামিনে আছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ৬১৩ জনকে অভিযুক্ত করে ৫০টি মামলার অভিযোগপত্র আদালতে দেওয়া হয়েছে। অপরটির অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে।
উপজেলাভিত্তিক মামলাগুলো পর্যালোচনা করে দেখা যায়, নির্বাচনের দিন সাদুল্যাপুর উপজেলার ২৭টি ভোটকেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে ২৭টি মামলায় প্রায় ৪ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়। গ্রেপ্তার হন ৩০ জন। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, শিগগিরই অভিযোগপত্র আদালতে দেওয়া হবে।
গাইবান্ধা সদর উপজেলায় ১২টি সহিংসতার ঘটনায় মামলা হয় ১২টি। এসব মামলায় ১ হাজার ৮৯৫ জনকে অজ্ঞাত ও ২৩ জনের নাম উল্লেখ করা হয়। গ্রেপ্তার হন সাতজন। বর্তমানে তাঁরা জামিনে রয়েছেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বলেন, এসব মামলায় গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল করিমসহ ১৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম বলেন, ‘ক্ষমতাসীন দলের যোগসাজশে অামাদের নেতা-কর্মীদের হয়রানি করতেই মামলাগুলোতে অজ্ঞাতনামা আসামি এত বেশি।’
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, এসব হামলায় প্রচুর লোক অংশ নেয়। হামলায় বিষয়ে যাঁরা মামলা করেছেন, এঁরা নির্বাচনী কর্মকর্তা। এঁরা সবাইকে চেনেনও না। তাই এজাহারভুক্ত আসামিদের মধ্যে অজ্ঞাতনামার সংখ্যা বেশি। আর গ্রেপ্তার হওয়া আসামির মধ্যে অজ্ঞাত আসামির সংখ্যা বেশি হওয়া প্রসঙ্গে তিনি জানান, হামলার বিষয়ে তদন্ত করতে গিয়ে এঁদের নাম এসেছে। পরে পুলিশ এঁদের এজাহারভুক্ত করেছে।