এজাহারভুক্ত আসামিরা কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের মামলার এজাহারভুক্ত ছয় আসামির কেউ গতকাল মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার হয়নি৷ এ ঘটনায় রিমান্ডে থাকা র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে মুখ খুলছে না পুলিশ৷
র‌্যাবের সাবেক ওই তিন কর্মকর্তাকে সাত খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর এবং নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি৷
এদিকে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে আট বছর আগে সংঘটিত স্কুলছাত্র টিপু সুলতানকে হত্যার অভিযোগে গতকাল আদালতে মামলা করেছেন নিহতের বাবা কাজী আক্তারুজ্জামান৷
গত ২৭ এপ্রিল দুপুরে নজরুল ইসলামসহ সাতজন ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে অপহৃত হন৷ ৩০ এপ্রিল তাঁদের মধ্যে ছয়জনের এবং পরদিন একজনের লাশ উদ্ধার করা হয় বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে৷ নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, নূর হোসেন ছয় কোটি টাকার বিনিময়ে র‌্যাবকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন৷ নূর হোসেনও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি৷ মামলার আরেক আসামি ইয়াছিন মিয়াও আওয়ামী লীগের নেতা৷
এই মামলার এজাহারভুক্ত সব আসামি এখনো ধরা-ছোঁয়ার বাইরে৷ এক আসামি হাসমত আলী হাসুকে ১৩ মে বেনাপোল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের কথা শোনা গেলেও বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ৷ হাসু নূর হোসেনের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত এবং নজরুলের শ্বশুরের সৎভাই৷ এ বিষয়ে পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘হাসু নামের কাউকে গ্রেপ্তারের বিষয়ে আমাদের জানা নেই।’
পুলিশ দাবি করেছে, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে৷
রিমান্ডে থাকা র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব.) এম এম রানাকে জেলা পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা৷ তাঁদের মধ্যে প্রথম দুজন পাঁচ দিনের ও রানা সাত দিনের রিমান্ডে রয়েছেন৷ তবে এই জিজ্ঞাসাবাদের বিষয়ে মুখ খুলছে না পুলিশ৷ কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে৷
গতকালও সকাল সাড়ে নয়টা থেকে এক ঘণ্টা আদালত বর্জন করেন আইনজীবীরা৷ বেলা একটায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সমাবেশে র্যাবের সাবেক ওই তিন কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর এবং সাবেক জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়৷ সমাবেশে সমিতি আবারও ত্রাণমন্ত্রীর পদত্যাগ দাবি করে৷
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, আইনজীবী মাহবুবুর রহমান মাসুম প্রমুখ৷
সাখাওয়াত হোসেন বলেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ ত্রাণমন্ত্রীর জামাতা হওয়ার সুবাদে প্রশাসনের ওপর বিভিন্ন প্রভাব বিস্তার করা হচ্ছে। যাতে এই প্রভাব বিস্তার না হয় সে জন্য মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি মন্ত্রী থাকতে পারেন না।
জাকির হোসেন তাঁর বক্তব্যে সাত খুনের মামলার আলামত নষ্ট করার অভিযোগ করেন৷
নূর হোসেনের বিরুদ্ধে টিপু হত্যা মামলা: সিদ্ধিরগঞ্জে আট বছর আগের স্কুলছাত্র টিপু সুলতান হত্যার ঘটনায় নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুল ইসলামের আদালতে মামলা করেন টিপুর বাবা৷ মামলায় অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়৷
জেলা আইনজীবী সমিতির সভাপতি জানান, আদালত মামলার আবেদন গ্রহণ করেছেন। আদালত এ বিষয়ে পরে আদেশ দেবেন৷
আর্জিতে বাদী উল্লেখ করেন, ২০০৬ সালের ২০ আগস্ট সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুরের বাড়িতে আসামি নূর হোসেন ও তাঁর সহযোগীরা বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় ওই বছরের ২৬ আগস্ট বাড়ির পাশে খেলার সময় আসামিরা তাঁর ছেলে টিপুকে (মহিউদ্দিন আদর্শ কিন্ডারগার্টেনের ছাত্র) ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে চলে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে চাইলেও পুলিশ আসামিদের মাধ্যমে প্রভাবিত হয়ে মামলা নিতে অস্বীকৃতি জানায়৷