এসএসসি পরীক্ষার্থী ওয়াসিউন নূর (আদেল) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার লক্ষ্মীপুর ও সীতাকুণ্ড থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব। দুজনই মামলার এজাহারভুক্ত আসামি। তাঁরা হলেন আলমগীর হোসেন ও মো. তুষার।
গত ২৪ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাজাখালী মাস্টার কলোনি এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয় আদেল। হামলায় তার বাবা বদিউল আলমও আহত হন। আদেল নগরের জামাল খান এলাকার চিটাগং আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার আর তিনটি পরীক্ষা বাকি ছিল। হত্যাকাণ্ডের পরদিন নিহত ব্যক্তির মামা নজরুল ইসলাম বাদী হয়ে বাকলিয়া থানায় আলমগীর হোসেনসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন। গতকাল গ্রেপ্তার হওয়া দুজন ছাড়া ঘটনার পর পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে।
রাজাখালী এলাকায় নিম্ন আয়ের লোকজনের জন্য কলোনি নির্মাণের কাজ করছিলেন বদিউল আলম। ঘটনার দিন নির্মাণশ্রমিকদের সঙ্গে পাশের ভাড়াটে আলমগীরের ঝগড়া হয়। খবর পেয়ে সেখানে যান আদেল ও তার বাবা। এ সময় ২০ থেকে ২৫ জন লোক বাবা ও ছেলের ওপর হামলা চালায়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার এলাকা থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরেক আসামি মো. তুষারকে সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদের বাকলিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।