মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় শিশু রাসেল হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়াই গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চররাজনগর গ্রামের আবদুর রাজ্জাক মোল্লার স্ত্রী নূরজাহান বেগম (৪৫) ও তাঁর মেয়ে রুপালী আক্তার (২০)। মামলার অপর আসামি আবদুর রাজ্জাক পলাতক।সিঙ্গাইর থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা পলাতক ছিলেন। মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে গতকাল বড়াই গ্রামে অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা নির্মল চন্দ্র দেব বলেন, গতকাল রোববার সকালে আসামিদের মানিকগঞ্জ বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়। আদালত তিন দিনের হেফাজতে দেন।১৬ ডিসেম্বর দুপুরে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে উপজেলার জামির্তা ইউনিয়নের দরিরাজনগর গ্রামের আফজাল হোসেনের ছেলে রাসেল (৮) অপহূত হয়। এর দুই দিন পর ১৮ ডিসেম্বর দুপুরে মুঠোফোনে পরিবারের সদস্যদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। ওই দিন বিকেলে স্থানীয় চরচান্দহর গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাসেলের নানি খোদেজা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।