এজাহারভুক্ত দুই আসামিসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার ঘটনায় আরও দুজন এজাহারভুক্ত আসামিসহ চারজন গ্রেপ্তার হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এ নিয়ে এ মামলায় এজাহারভুক্ত চার আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হলো। তবে ঘটনার ১০ দিন পরও মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমসহ এজাহারভুক্ত ছয় আসামি এখনো গ্রেপ্তার হয়নি।
র‌্যাব সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকার কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকা থেকে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীরের চাচা মো. আবুল কাশেম কাচ্ছেদ (৫০) ও তার ছেলে ৭ নম্বর আসামি নূর মোহাম্মদ নিপুকে (২৪) গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ টাঙ্গাইলের ৩ নম্বর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর আগে গতকাল সকালে মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকা থেকে আসিফ এবং ঢাকা থেকে আবু কাউসার স্বপনকে গ্রেপ্তার করা হয়। তারা জাহাঙ্গীরের আত্মীয়।
র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, এর আগে গত রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরইবাড়ী থেকে আবু কাউসার স্বপনকে আটক করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তার দেওয়া তথ্যমতে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
৬ অক্টোবর দিবাগত রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামে মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং তাঁর তিন মেয়ে উপজেলার গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাক্প্রতিবন্ধী মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী মলি আক্তারকে (৭) নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন ওই গ্রামের জাহাঙ্গীর আলমসহ ১০ জনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন মজিবর রহমানের শ্যালক মোফাজ্জল হোসেন।