এজাহারে আইএস, অভিযোগপত্রে দেশি
ফিদা মুনতাসির সাকের নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল ২০১৫ সালের ৬ জুন বনানী ডিওএইচএস থেকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি বাংলাদেশে আইএসের প্রতিনিধি। দেশের বিভিন্ন জায়গা থেকে আইএসের কর্মী সংগ্রহ করেছন, তাঁদের আশ্রয় ও প্রশিক্ষণ দিচ্ছেন। কিন্তু দুই বছরের মাথায় পুলিশ সেই অবস্থান থেকে সরে আসে। অভিযোগপত্র থেকে ‘আইএস প্রতিনিধি’ শব্দটি বাদ দেওয়া হয়। আগামী ২ মে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।
সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া এই মামলায় ফিদার সঙ্গে আরেক আসামি হলেন মো. ফাইয়াজ ইসমাম খান। ফিদা কমান্ডার (অব.) মো. সাকেরের এবং মো. ফাইয়াজ ইসমাম খান লে. কর্নেল (অব.) ফরিদ হায়দার খানের ছেলে।
জানতে চাইলে এই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জহির হোসেন প্রথম আলোকে বলেন, তদন্তে আইএস-সংশ্লিষ্টতা মেলেনি।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা বলেন, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ আল তাসনিম, নায়েম আলী, সিকান্দার আলী, মাহমুদ ইবনে বসর, মাসুম বিল্লাহ, ফুয়াদ হাসান ও আলী আহমেদকে পুলিশ গ্রেপ্তার করে। আইএসের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠার অভিযোগে গ্রেপ্তারের শুরু সে সময় থেকেই। এরপর ২০১৫ সালের ২৬ মে আমিনুল বেগ ও তাঁর সহযোগী শাকিব বিন কামালকে আইএসের ‘নিয়োগকর্তা’ হিসেবে গ্রেপ্তার করা হয়। সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, জিজ্ঞাসাবাদে তাঁরা জানতে পারেন যে আইএসে যোগ দিতে চান এমন ১৫-২০ জন তরুণ আছেন। আমিনুল বেগ ও শাকিব বিন কামাল গ্রেপ্তারের পর তাঁরা গা ঢাকা দেন। একই অভিযোগে ২০১৫ সালের ৬ জুন ফিদা ও তাঁর কথার সূত্র ধরে ১২ জুন ফাইয়াজ ইসমাম খানকেও পুলিশ গ্রেপ্তার করে।
ফিদা ও ফাইয়াজ গ্রেপ্তারের পর থেকে সরকার দেশে আইএস নেই বলে দাবি করতে শুরু করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, তদন্তে তারা জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দেশীয় বা হোমগ্রোন জঙ্গি। কারও সঙ্গে আইএসের কোনো সংশ্লিষ্টতা নেই।
কিন্তু মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আইএসে যোগ দিতে সিরিয়া ও ইরাকে গেছেন এবং নিহত হয়েছেন এমন দুজন ফিদা মুনতাসির সাকেরের বন্ধু ছিলেন। ওই দুই ব্যক্তি হলেন আশিকুর রহমান জিলানি ও নিয়াজ মোর্শেদ রাজা। ফিদা যেদিন গ্রেপ্তার হন, সেদিন তাঁরাও ওই বাসায় ছিলেন বলে অভিযোগপত্রে বলা হয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইনটেলিজেন্স এক বাংলাদেশি আত্মঘাতী বোমা হামলাকারীর ভিডিও প্রকাশ করে। ওই হামলাকারীই হলেন নিয়াজ মোর্শেদ রাজা। চট্টগ্রামে নিয়াজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের শেষভাগে ইরাকের তিকরিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিয়াজ নিহত হন বলে তাঁরা খবর পেয়েছেন।
এজাহারে যা ছিল, অভিযোগপত্রে যা আছে
২০১৫ সালের ৭ জুন ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ পরিদর্শক মো. মাইনুল ইসলাম। এজাহারে তিনি উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে আসামি ফিদা মুনতাসির সাকের স্বীকার করেন, তিনি বাংলাদেশে আইএসের প্রতিনিধি। ইন্টারনেটের মাধ্যমে তিনি আইএসের কর্মী সংগ্রহ করেন, তাঁদের আশ্রয় ও প্রশিক্ষণ দিতেন। আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সমন্বয় করে তিনি জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফা নামে একটি সংগঠন গড়ে তোলেন। আইএসের আদলে গড়ে তোলা এই সংগঠনের লক্ষ্য ছিল বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য সশস্ত্র জিহাদ করা। তাঁরা আইএসের কাছ থেকে অর্থ ও মারাত্মক অস্ত্র সংগ্রহ করছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, তাঁদের হামলার টার্গেট ছিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাঁরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছিলেন। তাঁদের সংগঠনের অনেক সদস্য এখন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তৎপর আছেন।
তদন্ত শেষে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক মো. জহির হোসেন। ১৩ মার্চ আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে শুনানির দিন ধার্য করেন।
ফিদার আইনজীবী প্রদীপ দেবনাথ ও ফাইয়াজের আইনজীবী বেলাল হোসেন ফরাজী জানিয়েছেন, তাঁরা কারাগারে আছেন। তাঁরা জামিনের জন্য বেশ কয়েকবার আবেদন করেন, কিন্তু ওই আবেদন খারিজ হয়ে গেছে।
ওই অভিযোগপত্রে পুলিশ বলেছে, আসামি ফিদা মুনতাসির সাকের ইন্টারনেটের মাধ্যমে জঙ্গি সংগঠনের প্রতিনিধি সংগ্রহ করতেন এবং বিভিন্ন স্থান থেকে আসা জঙ্গিদের আশ্রয় দিতেন। ফিদা ও মো. ফাইয়াজ ইসমাম খান ও পলাতক আসামি সাঈদ সালেহিন কাদের, মাহবুব, তাওসিফ ও নিয়াজ মোর্শেদ রাজা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাঁরা আগে হিযবুত তাহরিরের সদস্য ছিলেন। অভিযোগপত্র থেকে আইএস ও তাদের গোপন সংগঠনের নাম বাদ দেওয়া হয়।
এতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত আসামি ফিদা, ফাইয়াজসহ তাঁদের বন্ধুরা বাংলাদেশের বর্তমান সরকারব্যবস্থাকে উৎখাত করার জন্য গোপনে কর্মী সংগ্রহ করছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তাঁরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা ধরনের কাজ করেছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠানও তাঁদের টার্গেট ছিল।