নির্বাচনী সহিংসতার মামলা নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে মানবাধিকার কমিশনের চিঠি
এজাহারে নাম না থাকা আসামি গ্রেপ্তার বেশি
দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গাইবান্ধায় সহিংসতার ঘটনায় করা মামলাগুলোতে এজাহারে নাম থাকা আসামির চেয়ে অজ্ঞাতনামা আসামির সংখ্যা অনেক বেশি। এসব মামলায় এজাহারে নাম না থাকা আসামি গ্রেপ্তারও বেশি।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে লেখা এক চিঠিতে বিষয়টি উল্লেখ করেছেন। গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনায় গাইবান্ধা জেলার পাঁচ থানায় ৬৬টি মামলা হয়। মিজানুর রহমান ২৭ জানুয়ারি গাইবান্ধা পরিদর্শন করেন। পরিদর্শনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ১৩ ফেব্রুয়ারি তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানকে চিঠি দেন।
মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এসব বীভৎস সহিংস ঘটনার মামলার অগ্রগতি নেই। ব্যবসার ক্ষেত্র তৈরি করার জন্য এজাহারে হাজার হাজার অজ্ঞাতনামা আসামি করেছে পুলিশ।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনের দিন এবং এর আগের দিনের সহিংসতার ঘটনায় গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ থানায় ৬৬টি মামলা হয়। এসব মামলায় এজাহারে নাম থাকা আসামির সংখ্যা ৫৭৮ জন এবং অজ্ঞাতনামা আসামি ১৬ হাজার ৪৪৫ জন। এসব মামলায় গ্রেপ্তার হওয়া ১২১ জনের মধ্যে ৯৯ জনেরই নাম এজাহারে নেই।
সংশ্লিষ্ট থানাগুলোতে গত সোমবার খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন ঘিরে সহিংসতার মামলায় গত এক মাসে নতুন ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নাম এজাহারে নেই। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পুলিশের বিরুদ্ধে ব্যবসার ক্ষেত্র তৈরির যে অভিযোগ তুলেছেন, ওই পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) তা অস্বীকার করেছেন।
সহিংসতার ঘটনায় গাইবান্ধা সদর থানায় করা ১০ মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা তিন হাজার ৫৯৫ জন। ২৭ জানুয়ারি পরিদর্শনের ভিত্তিতে কমিশনের চেয়ারম্যানের দেওয়া ওই চিঠিতে ২৪ জন গ্রেপ্তারের কথা উল্লেখ আছে। গত বুধবার সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, গ্রেপ্তার করা আসামির সংখ্যা ২৫। ওসির দাবি, এলাকার সন্দেহভাজনদের বেশির ভাগই পলাতক। তাই তাঁরা আসামি ধরতে পারছেন না। লোকজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে ধরে হয়রানি করা হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সদরে এ ধরনের কোনো কাহিনি নেই। অন্য থানায় কী হচ্ছে বলতে পারব না।’
চিঠিতে উল্লেখ করা গ্রেপ্তার আসামির সংখ্যার সঙ্গে থানার দেওয়া তথ্যের অমিল আছে। কমিশনের চিঠিতে বলা হয়েছে, সাদুল্যাপুর থানায় এজাহারে নাম না থাকা আসামি গ্রেপ্তার হয়েছেন ৩০ জন। তবে ওই থানার ওসি লতিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই সংখ্যা ১০। মানবাধিকার কমিশনের কেউ আমাদের কাছ থেকে তথ্য নেননি।’
এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা সমস্ত তথ্য নিয়েছি জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছ থেকে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের চিঠি পেয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। মূল আসামিদের এখনো ধরতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, বেশির ভাগ লোক পালিয়ে গেছেন। পুলিশের ব্যবসার ক্ষেত্র তৈরিতে অজ্ঞাতনামা আসামির সংখ্যা বাড়ানো হয়েছে কি না, এ প্রশ্নে তিনি বলেন, ‘এইটা বোধ হয় ঠিক না। এভাবে হয়রানির কোনো অভিযোগ আমি পাইনি। তবে আমি খোঁজ নিয়ে দেখব।’