এজিবি কলোনি কাঁচাবাজার এখন আরও জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল এজিবি কলোনির সামনের রাস্তায় অবৈধ দোকানপাট l প্রথম আলো
মতিঝিল এজিবি কলোনির সামনের রাস্তায় অবৈধ দোকানপাট l প্রথম আলো

ফুলকপি বড়টি ৩৫, ছোটটি ৩০ টাকা। এমন দাম চাইতেই একপ্রকার জোর গলাতেই ভর্ৎসনা করলেন ক্রেতা, ‘আগে তো তোমাদের কাছে সস্তায় পাওয়া যেত, এখন দোকানের চেয়েও বেশি দাম চাও কেন?’
মতিঝিল এজিবি কলোনির রাস্তার ওপর বসা বিক্রেতার গলাও নরম নয়। বললেন, ‘রাস্তায় বইলেও আমাগো যেই খচরাপাতি অয়, তা দোকান ভাড়ার থেইকা কম না।’
‘কিসের খরচ?’
‘তা আপনারে কওনের কাম নাই।’ ক্রেতা-বিক্রেতার এই বাগ্বিনিময়ের পর খোঁজ নিয়ে জানা গেল, রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা এজিবি কলোনি কাঁচাবাজারের দোকানঘর শুধু নয়, রাস্তায় বসার জন্যও দৈনিক চুক্তিতে টাকা দিতে হচ্ছে বিক্রেতাদের। দিনে কমপক্ষে ১০০ টাকা। ভেঙে দেওয়া সব দোকানঘর আবার দাঁড়িয়ে গেছে বাঁশের খুঁটির ওপর। সেসব দোকানে ব্যবসা করার জন্য আবার চাঁদা দিতে হচ্ছে স্থানীয় প্রভাবশালী কিছু রাজনৈতিক নেতাকে।
গত রোববার দুপুরে এলাকায় গিয়ে এসব তথ্য পাওয়া যায়। কলোনির সড়কের দুপাশে নতুন করে গড়ে উঠেছে কাঠের আসবাব তৈরির দোকান। সাজানো হয়েছে তিনটি প্লাস্টিক সামগ্রী বিক্রির দোকান। মনিহারি দোকান, পেঁয়াজ-রসুন-আলুর দোকানসহ বিভিন্ন দোকানে মালামাল আরও বাড়ানো হয়েছে। সেগুলোয় ক্রেতাদের ভিড়ও দেখা যায়। রমরমা ব্যবসা চলছে মুরগির দোকানগুলোয়ও। ভাতের হোটেল গড়ে উঠেছে আগের ছয়টির সঙ্গে আরও দুটি। যথারীতি চালু আছে সেলুন, লন্ড্রি। প্রায় সব দোকানের সামনে সবজি ও অন্য সামগ্রীর পসরা। এর ফলে সড়কটিতে পাশাপাশি দুটি বড় গাড়ি চলাচলও দুষ্কর হয়ে গেছে। বিশেষ করে স্থানীয় মতিঝিল আইডিয়াল স্কুল, মডেল স্কুল ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হচ্ছে।
এজিবি কলোনির কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, আগে এখানে নেতাদের প্রতিনিধি হিসেবে চাঁদা আদায় করতেন ‘বোচা বাবু’ নামের এক কর্মী। সেই কর্মী মারা যাওয়ার পর চাঁদা নেওয়ার বিষয়টি কিছুদিন বন্ধ ছিল। এখন আবার শুরু হয়েছে। কাঁচাবাজারের বিভিন্ন দোকানিকে প্রতিদিন আড়াই শ থেকে চার শ টাকা করে চাঁদা দিতে হয়। আগে যাঁরা এককালীন টাকা দিয়ে দোকান বরাদ্দ নিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকে নিজেরাই দোকান চালাচ্ছেন। কেউ কেউ মাসিক টাকার ভিত্তিতে ভাড়া দিয়েছেন।
যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন, গুলিস্তান, মতিঝিল প্রভৃতি এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদের প্রক্রিয়া অব্যাহত আছে। এজিবি কলোনি সড়কের অবৈধ দোকানপাটের বিষয়ে খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম রাজারবাগ মৌজার মানচিত্র অনুযায়ী এজিবি কলোনি সড়কটির প্রশস্ততা ৭৮ ফুট ও দৈর্ঘ্য ৬০০ ফুট। গত বছরের এপ্রিলের মাঝামাঝি এর প্রশস্ততা ছিল মানচিত্রের বর্ণনার প্রায় অর্ধেক। কলোনির সড়কে অবৈধ স্থাপনার বিষয়ে প্রথম আলোর প্রতিবেদনের ভিত্তিতে গত বছরের ৩ মে হাইকোর্ট থেকে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর পরিপ্রেক্ষিতে কলোনির দোকানগুলো উচ্ছেদ করলেও সড়ক চওড়া করার বিষয়ে কোনো কাজ করেনি। পরে বারবার দোকানঘর করা হয়, বারবার উচ্ছেদও হয়।