এজিবি কলোনির বাজার স্থায়ী হয়ে গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজারের ভেতর অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক দোকান। রাস্তা দখল করে বসা এই বাজার দিনে দিনে স্থায়ী বাজারে রূপ নিয়েছে। এই বাজারের ইজারা নিয়ে ডিএসসিসির সঙ্গে হকারদের মামলা চলছে দীর্ঘদিন ধরে।
বাজার ঘুরে দেখা গেছে, এজিবি কলোনির এই কাঁচাবাজারকে কেন্দ্র করে আশপাশের সড়ক ও ফুটপাতে গড়ে উঠেছে আরও অন্তত ৫০টি অস্থায়ী দোকান। কলোনির বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, সড়ক ও ফুটপাত দখল করে এসব অবৈধ দোকান বসায় পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু তা উচ্ছেদে কোনো ব্যবস্থা নিচ্ছে না ডিএসসিসি। কাঁচাবাজার এলাকাটি ডিএসসিসির ১০ নম্বর ওয়ার্ডে পড়েছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ সাবু সড়কে এজিবি কলোনিতে আছে এই কাঁচাবাজার। এই বাজারের উত্তর থেকে দক্ষিণ সীমানা পর্যন্ত সড়কের দুই পাশে আছে তিন শতাধিক দোকান। ফুটপাত দখল করে আছে প্রায় ১০০টি দোকান। দোকানে কেনাকাটা করছেন ক্রেতারা। পথচারীরা হাঁটছেন সড়ক দিয়ে। কয়েকটি দোকানের মালামাল রাখা আছে সড়কের ওপর। ফুটপাতের জায়গায় থাকা দোকান ভাড়ায় চালান দোকানিরা। কিন্তু কার কাছ থেকে জায়গা ভাড়া নেওয়া হয়েছে, তা কোনো দোকানিই বলতে রাজি হননি। এ ছাড়া এই কাঁচাবাজারকে কেন্দ্র করে কমলাপুর সড়ক ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক এবং ফুটপাত দখল করে আছে কাপড়, আসবাব ও চায়ের প্রায় ৫০টি দোকান।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের কয়েকজন দোকানি জানান, কাঁচাবাজারের মূল দোকানের সামনে ফুটপাতে নামে-বেনামে অস্থায়ী দোকান বসিয়েছেন মতিঝিল কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, এজিবি কলোনি, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতারা। পাঁচ-ছয় ফুট আয়তনের ওই অবৈধ দোকানগুলো থেকে মাসে ছয় লাখ টাকা আদায় করা হয়। আর এসব দোকানের জায়গা দখলে যাওয়ার আগে ৭০ থেকে ৮০ হাজার টাকা অগ্রিম দিতে হয়। ফলে অবৈধ দোকানের জায়গাকে বৈধ মনে করেন ব্যবসায়ীরা।
ডিএসসিসি ও ব্যবসায়ীরা জানান, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এজিবি কলোনির ওই সড়কে ব্যবসা করছেন হকাররা। পরে ১৯৯৭ সালে হকারদের জন্য ৮০টি দোকান নির্মাণ করেছিল ডিএসসিসি। কিন্তু হকারদের কোনো দোকান দেওয়া হয়নি। আদালতে মামলা করে রায় পান হকাররা। পরে ডিএসসিসি বাদী হয়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করে। এই মামলা এখনো চলমান আছে। এ ছাড়া বাজারের দক্ষিণ পাশের একাংশের কিছু দোকান অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিয়েছেন আদালত।
মতিঝিল কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, কাঁচাবাজারে ২২০টি দোকান নির্মাণের কথা ছিল। কিন্তু ৮০টি নির্মাণের পর তা হকারদের না দেওয়ায় আদালতে মামলা করা হয়। বর্তমানে সমিতির ১৩৮ জন সদস্য আছেন। সমিতির সদস্যদের দোকান ছাড়া অন্য দোকানগুলোর কোনো লিখিত অনুমতি নেই।
এই কাঁচাবাজারের ফুটপাতে আলু, টমেটো, শিমসহ শীতকালীন সবজি বিক্রি করছিলেন মামুন সরকার। তিনি বলেন, প্রায় তিন বছর আগে কলোনির বাসিন্দা সাইফুল আলমকে ২০ হাজার টাকা অগ্রিম দিয়ে ফুটপাতে দোকান বসিয়েছেন। প্রতি মাসে তাঁকে ভাড়া দিতে হয় সাড়ে তিন হাজার টাকা। তবে সাইফুলের বিস্তারিত পরিচয় তিনি বলতে রাজি হননি।
জানতে চাইলে ডিএসসিসির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ প্রথম আলোকে বলেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু তারা আবার বসছে। কাঁচাবাজারসহ আশপাশের এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালানো হবে।