এজিবি কলোনি সড়কের ওপর দোকান নির্মাণে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলে সড়ক দখল করে ২০০ দোকানঘর নির্মাণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব দোকানঘর উচ্ছেদের জন্য কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা আদালত জানতে চেয়েছেন।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ ও রুল দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন রেদওয়ান আহমেদ রানজীব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
আদেশের পর রেদওয়ান আহমেদ প্রথম আলোকে বলেন, গত ২০ মার্চ প্রথম আলোতে ছাপা হওয়া ‘সড়ক দখল করে ২০০ দোকান শীর্ষক প্রতিবেদনটি সংযুক্ত করে এই রিট আবেদনটি করেন মতিঝিল এলাকার বেলালউদ্দিনসহ ১৩ জন। প্রাথমিক শুনানি শেষে আদালত দোকান নির্মাণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন। এ ছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে এসব দোকান বরাদ্দ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন এসব দোকানঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হবে না, তা রুল দিয়ে আদালত জানতে চেয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, গণপূর্তসচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০ মার্চ প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সড়ক দখল করে গড়ে তোলা মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজারটিকে ‘অবৈধ’ বলে গত ১৪ মার্চ উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু উচ্ছেদের দুই দিনের মাথায় একই স্থানে আবার শুরু হয় দোকানঘর নির্মাণ। রীতিমতো ইটের দেয়াল তুলে পাকা দোকান করা হচ্ছে।
কলোনির কয়েকজন বাসিন্দা ও দোকানি জানিয়েছেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে বরাদ্দ নেওয়ার কথা বলা হলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে বেছে বেছে দোকান বরাদ্দ দিচ্ছেন আওয়ামী লীগের একাধিক স্থানীয় নেতা। তবে তাঁরা ওই নেতার নাম বলতে রাজি হননি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব ও সম্পত্তি বিভাগ থেকে বলা হয়েছে, এজিবি কলোনি কাঁচাবাজারে দোকান করার জন্য মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র নামের একটি সংগঠনকে বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ এজিবি কলোনিবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সাল থেকে সব সরকারের আমলেই দফায় দফায় উচ্ছেদ করা হয়েছে অবৈধ এই কাঁচাবাজার।