এজিবি কলোনিতে আবার উচ্ছেদ অভিযান

মতিঝিল এজিবি কলোনিতে সড়ক দখল করে গড়ে তোলা ১৩৪টি অবৈধ দোকানের মধ্যে ৩০টি উচ্ছেদ করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কলোনি বাজারে যান চলাচল বন্ধ করে এই উচ্ছেদ অভিযান শুরু করে। এ অভিযান এখনো চলছে।
উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ম্যাজিস্ট্রেট নাজমুল শোয়েব প্রথম আলোকে বলেন, গত ৩ মে হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ২৪ ঘণ্টার মধ্যে এজিবি কলোনির দোকানগুলো উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশে ১৩৪টি মজবুত পাকা স্থাপনা উচ্ছেদের পর কিছুদিন এই জায়গা খালি ছিল। এক সপ্তাহ আগে থেকে এখানে বাঁশ ও টিন দিয়ে আবার ১৩৪টি দোকান তৈরি করা হয়। হাইকোর্টের রায় অনুসারেই এখানে আবার উচ্ছেদ অভিযান চলছে। সব দোকানই উচ্ছেদ করা হবে।
এজিবি কলোনিতে দোকানঘর নির্মাণের ওপর গত ১৩ এপ্রিল নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। কিন্তু তড়িঘড়ি করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব দোকানের কাজ শেষ করেন। গত ২০ মার্চ প্রথম আলোতে ‘সড়ক দখল করে ২০০ দোকান’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।
পশ্চিম রাজারবাগ মৌজার মানচিত্র থেকে জানা যায়, সড়কটি ৭৮ ফুট চওড়া এবং ৬০০ ফুট দীর্ঘ। মানচিত্রে সড়কটির নাম ‘মিডওয়েল সার্কুলার রোড’। কিন্তু বাস্তবে দেখা যায়, সড়কটি ৪০ ফুটের মতো চওড়া। সড়কের বাকি অংশে দোকানগুলো নির্মাণ করা হয়েছিল। ৫ মে পুলিশের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অভিযান চালাতে গেলে দোকান নির্মাণকারীরাসহ এর সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিরা বলেন, অসচ্ছল দুস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি কাঁচাবাজারের দোকানগুলো নির্মাণ করেছে।

আরও পড়ুন...
এজিবি কলোনির অবৈধ দোকান উচ্ছেদ হচ্ছে