এজেন্ট, কর্মীদের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ধানের শীষ প্রতীকের এজেন্ট ও কর্মী-সমর্থকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং নৌকার পক্ষে ভোট কারচুপির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মীর মহিউদ্দিন।
গতকাল সোমবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হাসান কাদির ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন।
তবে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হাসান কাদির এসব অভিযোগ অস্বীকার করেছেন।
মীর মহিউদ্দিন বলেন, গত রোববার রাতে নৌকা প্রতীকের লোকজন ২ নম্বর ওয়ার্ডে ধানের শীষের কর্মী ফিরোজ রহমানের দোকান পুড়িয়ে দেন। এ ছাড়া তাঁরা বিএনপির কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি ও তাণ্ডব চালাচ্ছেন। ধানের শীষে ভোট দিতে যাতে কেউ ভোটকেন্দ্রে না যান, সে জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। তাঁর ভাই ভাগনে-ভাতিজা, আত্মীয়সহ ১৬ জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার ব্যক্তিগত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় ধানের শীষের কর্মী-সমর্থকদের আসামি করা হয়েছে। পুলিশ মামলার তদন্ত ছাড়াই এজাহারভুক্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি তল্লাশি করছে।’ মীর মহিউদ্দিনের আশঙ্কা, হামলা ও মামলার ভয় দেখিয়ে ধানের শীষের কর্মী-সমর্থক ও ভোটারদের এলাকাছাড়া এবং ভোটের আগের রাতে কেন্দ্র দখল করে জালভোট দিয়ে বাক্স ভর্তি করার পাঁয়তারা চলছে।