এজেন্ট দিতেও ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন পরিষদে (ইউপি) জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান পদপ্রার্থী মো. কাদির আহমেদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হুমকি-ধমকিতে ভোটকেন্দ্রে এজেন্ট দিতে ভয় পাচ্ছেন।
এ ছাড়া গত কয়েক দিন কাদির আহমেদ নির্বাচনী প্রচারণা চালাতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল আহাদের কাছে গত সোমবার লিখিত দিয়েছেন। ২৩ এপ্রিল সোহাগী ইউপিতে ভোট হবে।
কাদির আহমেদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘১৯৯৭ সাল থেকে টানা ১৪ বছর চেয়ারম্যান ছিলাম। ২০১১ সালের নির্বাচনে বিশেষ পদ্ধতিতে আমাকে হারানো হয়।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতি আঁচ করতে পারলে নির্বাচনে দাঁড়াতাম না। প্রচারণায় নামলেই আমার লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে। এক অজানা আশঙ্কায় প্রচারণা বাদ দিয়ে বাড়িতে বসে আছি। অবস্থা এমন পর্যায়ে গেছে যে নির্বাচনী এজেন্ট নিয়োগ করলেও হুমকির মুখে তাঁরা ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন।’
গতকাল সরেজমিনে দেখা যায়, সোহাগী বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। ওই মোড়ে থাকা চারজন ইজিবাইক চালক বলেন, গত সোমবার নৌকা ও লাঙ্গল প্রতীকের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে এখানে পুলিশের প্রহরা বসানো হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মো. বশিরুল আলম বলেন, উত্তেজনা নিরসনে তাঁরা কাজ করছেন।
সোহাগী রেলস্টেশনের উল্টো পাশে অবস্থিত আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়টি জমজমাট অবস্থায় দেখা যায়। আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান পাল্টা অভিযোগ করেন, স্থানীয় সাংসদ জাতীয় পার্টির হওয়ায় লাঙ্গলের প্রার্থী প্রভাব সৃষ্টি করতে চাইছেন। তাঁর সমর্থকদের হুমকির কারণে তিনি প্রচারণা চালাতে পারছেন না। গত সোমবার তাঁর প্রচারণা দলের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা করেন কাদির আহমেদের সমর্থকেরা। এতে তাঁর (হাবিবুর) বড় ভাই মজিবুর রহমান, ভাতিজা মো. শাহীন মিয়াসহ সাতজন আহত হন। মজিবুর রহমান এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে তরকারী মহালে অবস্থিত কাদির আহমেদের নির্বাচনী কার্যালয়টি লন্ডভন্ড অবস্থায় দেখা যায়। সেখানে কিছু ভাঙা চেয়ার পড়ে রয়েছে। কার্যালয়ের পাশের এক ব্যবসায়ী বলেন, ‘নৌকার সমর্থকেরা প্রায় ১০-১২ দিন আগে কার্যালয়টি গুঁড়িয়ে দিয়েছেন। জাপার প্রার্থী নতুন একটি কার্যালয় খুললেও সেখানে তিনি আসতে পারছেন না। সেটি বন্ধ রয়েছে।’
রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল আহাদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি থানায় পাঠানো হয়েছে।’ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, এ ধরনের অভিযোগ থানায় এসেছে কি না, তা তাঁর মনে পড়ছে না।