চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউর এক এজেন্টকে না পেয়ে বিক্ষুব্ধ গ্রাহকেরা ভবনের গ্যারেজে থাকা সাতটি গাড়ি ভাঙচুর করেছেন। গত শনিবার রাত ১২টার দিকে আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের মিশন ডেভেলপ কোম্পানি নির্মিত একটি ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ইউনিপেটুইউর এজেন্ট কাজী শাহেদ মোটা অঙ্কের লাভ দেওয়ার কথা বলে চান্দগাঁও এলাকার কয়েক শ ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ইউনিপেটুইউর কার্যক্রম বন্ধ হওয়ার পর শাহেদ পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি চান্দগাঁওয়ের ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। কিন্তু গ্রাহকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতেন না। একপর্যায়ে শনিবার সকালে শাহেদ ওই বাসা ছেড়ে সপরিবারে চলে যান। এ খবর শুনে রাতে ৫০-৬০ জন গ্রাহক এসে ভবনটির নিচে থাকা সাতটি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে তাঁরা শাহেদের অবস্থান জানার চেষ্টা করছেন।