এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিভিন্ন ভোটকেন্দ্রে গতকাল রোববার বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দিয়ে জাল ভোট দেওয়া হয়। এখানে বিচ্ছিন্ন সহিংসতায় আটজন আহত হয়েছেন। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল হাতে গোনা।
সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নাসিরনগরের ৭৪টি কেন্দ্রের ২৫টি ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। যে কয়েকটি কেন্দ্রে ভোটারের কিছুটা উপস্থিতি ছিল, সেখানে নারীরা ছিলেন বেশি।
সকাল ১০টায় উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ এস ই এস ডি পি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, এখানে ভোট কক্ষ (বুথ) ১০টি। ভোটও পড়েছে ১০টি। ওই কেন্দ্রে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর ১০ ও আওয়ামী লীগ প্রার্থীর ১০ জন এজেন্ট আছেন। কিন্তু বিএনপি প্রার্থীর এজেন্টদের আওয়ামী লীগের নেতা-কর্মীরা বারবার কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন। কেউ বের হতে না চাইলে গায়ে হাত তুলতেও দ্বিধা করছেন না আওয়ামী লীগের লোকজন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে মনির মিয়া (২৫) নামের এক যুবকে আটক করে। পরে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন হামলা চালিয়ে মনিরকে ছিনিয়ে নেয়।
এস ই এস ডি পি উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টরা তাঁকে জানিয়েছেন, সকাল ১০টা ও বেলা দুইটার দিকে তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। বিষয়টি তিনি ইউএনওকে জানিয়েছেন।
বেলা ১১টার দিকে চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এ সময় হাতাহাতির ঘটনায় ওই কেন্দ্রে এক ঘণ্টা ভোট বন্ধ থাকে।