এটা অজানা মেয়ের কথা নয়
তিনি নিজে এগিয়ে গিয়েছেন, সঙ্গে এগিয়ে নিয়েছেন সমাজের পেছনে থাকা নারীদেরও। নাম আননোন উইমেন হলেও তিনি অজানা নন। তিনি ড. জওশন আরা রহমান, নারীর ক্ষমতায়নে যার অবদান অনেক। আর তাঁর লেখা বইটি বিশ শতকের নারীদের জীবনব্যবস্থারই প্রতিচ্ছবি।
আত্মজীবনীমূলক বই অ্যান আননোন উইমেন-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথাগুলো বলেন স্যার ফজলে হাসান আবেদ। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এর আয়োজন করে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান যুক্ত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বইটি ব্যতিক্রমী। তিনি তাঁর চারপাশ থেকে, সমাজ থেকে শিক্ষা নিয়ে সমৃদ্ধ হয়েছেন, যা তরুণদের জন্য শিক্ষণীয়। জেন্ডার সমতার জায়গাটিও খুব স্পষ্ট।
ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন অনেক নারীই মানুষের কল্যাণে কাজ করেছেন, তবে সবাই সেই অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে পারেননি, যিনি পেরেছেন তিনি জওশন আরা রহমান।
লেখক জওশন আরা রহমান বলেন, ‘এটা আমার আত্মজীবনী নয়, কিছু খণ্ড স্মৃতি, যা বিভিন্ন সময় আমাকে আলোড়িত করেছে, সমৃদ্ধ করেছে।’
অনুষ্ঠানে লেখক সেলিনা হোসেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বই থেকে কিছু অংশ উপস্থিত দর্শকদের পড়ে শোনান আবৃত্তিকার ডালিয়া আহমেদ। বইটি ২০০৫ সালে প্রথম অজানা মেয়ের কথা নামে বাংলায় প্রকাশিত হয়। প্রসঙ্গত, লেখকের স্বামী কবি ও ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরী।