উচ্চ আদালতে বাংলা ব্যবহার নিশ্চিত করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, ‘আমি খুবই দুঃখিত এবং প্রধান বিচারপতি হিসেবে এটা আমার অপারগতা, এটা আমি স্বীকার করি।’
গতকাল মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রধান বিচারপতি এসব কথা বলেন। সকাল সাড়ে আটটার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধান বিচারপতি বলেন, ‘বাংলা ভাষা এখন দেশের প্রতিটি অফিসে চালু হয়েছে। আমাদের হাইকোর্ট বিভাগে বেশ কিছু বিচারক এত সুন্দরভাবে বাংলা ভাষায় রায় লিখছেন, সেটা কল্পনা করা যায় না। আমরা আপিল বিভাগেও চেষ্টা করছি।’ তিনি বলেন, তিনি আশা করছেন তাঁরা যদি একটা ডিভাইস বের করতে পারেন; মুখে যা বলা হলো সঙ্গে সঙ্গে তা বাংলায় রূপান্তর হয়ে যায়, তাহলে বাংলায় রায় দিতে পারবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আমি কোনো দিন ব্যর্থ হইনি। আশা করি, অবসরের আগে এটা করতে পারব।’
প্রধান বিচারপতির সঙ্গে এ সময় আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।