এটা অর্থমন্ত্রী বা দুদকের নয়, আদালতের বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটা অর্থমন্ত্রীর বিষয় না, দুদকেরও বিষয় নয়। এটা আদালতের বিষয়।’ দুর্নীতির দায়ে অভিযুক্ত হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালকের জামিন হবে কি না—এ প্রশ্নের জবাবে গতকাল শনিবার এ কথাই বললেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।দুদকের চেয়ারম্যান গতকাল ‘জনতার শক্তি, রুখবে দুর্নীতি’ স্লোগানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৩ উপলক্ষে জাতীয় ঈদগাহের সামনে সংস্থাটির আয়োজিত মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে গোলাম রহমান বলেন, ‘এত দিন জানতাম দেশে সরকারি খাত বেশি দুর্নীতিবাজ। এখন দেখছি বেসরকারি খাত আরও বেশি দুর্নীতিবাজ। ডেসটিনি, হল-মার্ক-ইউনিপেটুর ঘটনাই এর বড় প্রমাণ। তবে দুর্নীতিবাজেরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হবে।’সাংবাদিকেরা এ সময় দুদকের চেয়ারম্যানকে প্রশ্ন করেন, হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালককে জামিন দেওয়া হবে কি না?। জবাবে তিনি বলেন, ‘এটা অর্থমন্ত্রীর বিষয় না, দুদকেরও বিষয় নয়। এটা আদালতের বিষয়। অর্থমন্ত্রীর বক্তব্য আমি পত্রিকায় পড়েছি। তিনি বলেছেন, অবশ্যই হল-মার্ক কেলেঙ্কারির হোতাদের বিচার হবে।’দুদকের চেয়ারম্যান আরও বলেন, অতীতে হল-মার্কের লোকজন নিম্ন আদালতে জামিনের চেষ্টা করেছেন। কিন্তু উচ্চ আদালতে গিয়ে তা টেকেনি। জামিন বাতিল করা হয়েছে। সামনের দিনেও আদালত তাঁর এই ভূমিকা অব্যাহত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আর্থিক খাত সংশ্লিষ্ট সূত্র বলছে, হল-মার্কের মালিকপক্ষকে জামিনে বের করে আনা, ঋণ পুনঃ তফসিল ও নতুন ঋণ বরাদ্দের জন্য সরকারকে প্ররোচিত করতে ব্যবসাপ্রতিষ্ঠানটির সুবিধাভোগী ব্যক্তিরা তৎপর রয়েছেন। এই প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বুধবার কারখানা চালুর স্বার্থে নতুন ঋণ দেওয়ার সরকারি ভাবনার কথা জানালে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এরপর শনিবার অর্থমন্ত্রী বলেন, হল-মার্কের এমডির শাস্তি হবেই।মানববন্ধনে গোলাম রহমান বলেন, দুর্নীতি হচ্ছে ক্যানসারের মতো। ক্যানসার হলে যেমন কেমোথেরাপি দিতে হয়, তেমনি দুর্নীতিবাজদের শাস্তির বিধান করাই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কেমো। তবে শাস্তি বিধান দুদকের ওপর পুরোপুরি নির্ভর করে না। এটা নির্ভর করে আদালতের ওপর। আদালত যত বেশি সক্রিয় ভূমিকা পালন করবে, দুর্নীতির শাস্তি প্রদানে কেমোথেরাপি তত বেশি কার্যকর হবে।গোলাম রহমান বলেন, ‘দুদকের দ্বিতীয় কাজ হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। আমরা দুর্নীতি করব না, দুর্নীতি মানব না—এই বার্তা আমরা জনগণের মাঝে ছড়িয়ে দিতে চাই। মানুষ সোচ্চার হলে শাসকেরা দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখবে।’মানববন্ধনের আগে সেগুনবাগিচার দুদক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাকরাইল-বিজয়নগর-পল্টন হয়ে জাতীয় ঈদগাহের সামনে এসে মানববন্ধন করে। কয়েক বছর ধরে ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হচ্ছে। এ বছরের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই শোভাযাত্রা এবং মানববন্ধনের আয়োজন করা হয়।