এটা আমার চিঠি নয় - সংসদে খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার জাতীয় সংসদে বক্তৃতা দেয়ার সময় বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
আজ শনিবার জাতীয় সংসদে বক্তৃতা দেয়ার সময় বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারি দলকে উদ্দেশ বলেছেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য হবেন আপনারা।’ তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার সম্পর্কে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেব না। কারণ বাংলাদেশের প্রেক্ষিতে দলীয় সরকার লেভেল প্লেয়িং ফিল্ড দিতে পারে না।’ তবে সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে এর ফয়সালা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। আজ শনিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন খালেদা জিয়া। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। এ সময় খালেদা জিয়া অভিযোগ করেন, সিটি করপোরেশন নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি। এ সময় সরকারি দলের সাংসদেরা আপত্তি জানান। খালেদা জিয়া বলেন, ‘যদি নির্বাচন আরও সুষ্ঠু হতো তাহলে আপনাদের জামানত বাজেয়াপ্ত হতো।’ খালেদা জিয়া বলেন, ফখরুদ্দীন, মইনুদ্দিন ছিলেন অসাংবিধানিক ও অবৈধ সরকার। তত্ত্বাবধায়ক সরকার নয়। এ সময় তিনি হেসে বলেন, কিন্তু আওয়ামী লীগ নেত্রী সে সময় সে সরকারকেই তাঁদের আন্দোলনের ফসল বলে দাবি করেন।

সংসদে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যে বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। 

এটা আমার চিঠি নয়

যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ বাণিজ্য সুবিধা (জিএসপি) বাতিল করার সুপারিশ করে কোনো চিঠি দেননি বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শনিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় খালেদা জিয়া এই দাবি করেন। এ সময় তিনি জিএসপি-সুবিধা পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানান।

খালেদা জিয়া বলেন, ‘জিএসপি-সুবিধা বহাল রাখতে ব্যর্থ হয়ে সরকার এখন বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন কথা বলছে। আমি নাকি চিঠি দিয়েছি। কোনো চিঠি দেয়ার প্রশ্নই ওঠে না।’

এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চিঠির কপি হাতে নিয়ে তুলে ধরেন। যেখানে একটি অংশ বিশেষভাবে চিহ্নিত করা আছে।

তখন খালেদা জিয়া বলেন, ‘এটা আমার চিঠি নয়।’

এ বছরের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ‘ওয়াশিংটন টাইমস’ পত্রিকায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একটি নিবন্ধ প্রকাশিত হয়। ওই নিবন্ধে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের উদ্দেশে বলেন, ‘তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে পারেন শ্রমিকদের অধিকার রক্ষায় যাঁরা কাজ করছেন বা যাঁরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক মতাদর্শের বিরোধী, তাঁদের ওপর দমনপীড়ন চলায় জিএসপি-সুবিধা প্রত্যাহার করা হবে।’ 

ওই লেখা প্রকাশের পর এফবিসিসিআই এর নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছিল।

ওই লেখার বিষয়ে আজ সংসদে খালেদা জিয়া বলেন, ‘কেউ কেউ আমার নামে প্রচারিত একটি লেখার কথা বলছেন। এমন কোনো লেখা আমি পাঠাইনি।’ বরং যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে যতবারই দেখা হয়েছে, ততবারই তিনি জিএসপি-সুবিধা অব্যাহত রাখার সুপারিশ করেছেন বলে দাবি করেন খালেদা জিয়া।

‘ওয়াশিংটন টাইমস’-এ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিবন্ধ প্রকাশের পর সে সময় সরকারের মন্ত্রী-সাংসদেরা সমালোচনা করেন। এই সমালোচনাকে ‘নিচু মানসিকতা ও অসহিষ্ণুতার’ পরিচায়ক বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি গত ৩১ জানুয়ারি প্রথম আলো ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, ‘সরকারের প্রতিক্রিয়া প্রমাণ করে, “ওয়াশিংটন টাইমস”-এ খালেদা জিয়া যা লিখেছেন, তা সত্য এবং তা বাংলাদেশের বাস্তব অবস্থার একটি খণ্ডচিত্র মাত্র।’

নিবন্ধটি খালেদা জিয়া বাংলাদেশের গণমাধ্যমে দিতে পারতেন কি না, এ প্রশ্নের জবাবে মওদুদ বলেছিলেন, ‘আজকালকার তথ্যপ্রযুক্তির এ যুগে এখানে বা ওখানে লেখার মধ্যে তফাতটা কী? দেশের বাইরে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিবেদনটি “ওয়াশিংটন টাইমস”-এ দেওয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি স্থগিত করার বিষয়টিকে ‘বড় দুঃসংবাদ’ উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, এখন এটিকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই।  সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সমস্যা নিরসন করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য তিনি সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রকে জিএসপি-সুবিধার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানান খালেদা জিয়া। সেই সঙ্গে ইউরোপ যেন এ ধরনের সিদ্ধান্ত না নেয়, সেই অনুরোধ জানান তিনি।

খালেদা জিয়া দাবি করেন, রানা প্লাজায় ধস, কর্মপরিবেশ নষ্ট হওয়া ও শ্রমিকনেতা আমিনুল হত্যার জন্য জিএসপি-সুবিধা বাতিল হয়েছে।

সংসদ মেঠো বক্তৃতার জায়গা নয়

খালেদা জিয়া বলেন, ‘এবারের মতো পরিবেশ সংসদে কখনো হয়নি।সংসদ কোনো মেঠো বক্তৃতার জায়গা নয়।কিন্তু গোড়া থেকে যে ভাষায় বক্তৃতা দেওয়া হচ্ছে, তা চরম লজ্জার।সরকারি দলের সাংসদ, মন্ত্রীরা এমনকি সংসদ নেতাও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।তাতে রুচিশীল মানুষ মর্মাহত হয়েছে।’ তিনি প্রশ্ন রাখেন, যে ভাষা সংসদে ব্যবহার করা হচ্ছে, তাতে নতুন প্রজন্ম কী শিখবে?

পুরো ঘটনা এখনো রহস্যে ঢাকা

গত ৫ মে হেফাজতে ইসলামকে সরাতে মতিঝিলের শাপলা চত্বরে চালানো অভিযানের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা।তিনি বলেন, ওই অভিযান জাতীয় জীবনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।পুরো ঘটনা এখনো রহস্যে ঢাকা।সরকারের পক্ষ থেকে যা বলা হয়েছে, তাতে সন্দেহ-অবিশ্বাস দূর হওয়ার বদলে আরও ঘনীভূত হয়েছে বলে তিনি দাবি করেন।

খালেদা জিয়া বলেন, আলেম সমাজ বলছে আলো নিভিয়ে তাদের ওপর বর্বর হত্যাকাণ্ড চলেছে।তাঁরা যে বিবরণ দিয়েছেন, তাতে শিউরে উঠতে হয়।ধর্মপ্রাণ মানুষের মনে এসব সন্দেহ নিরসনের চেষ্টা কেউ করছে না।প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রী ব্যঙ্গ করছেন।এর পরিণাম শুভ হতে পারে না।বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সরকার ধর্মদ্রোহী ব্লগারদের পক্ষ নিয়েছে।

খালেদা জিয়া বলেন, সরকার বলছে ওই অভিযানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি।একটি গুলিও ছোড়া হয়নি।মানবাধিকার সংস্থা অধিকার বলছে, এ পর্যন্ত ৬১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।এ ঘটনায় সরকারের বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়ে গেছে।

সরাসরি সম্প্রচার করায় দুটি টিভি চ্যানেল বন্ধ করে দেওয়ারও সমালোচনা করেন খালেদা জিয়া।

সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংস করার ষড়যন্ত্র করছে

সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।এ ‘চক্রান্ত’ বন্ধের অনুরোধ জানিয়ে তিনি বলেন, একটি প্রতিষ্ঠান ধ্বংস করা অনেক সহজ।কিন্তু গড়ে তোলা অনেক কঠিন।এ সময় তিনি ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পক্ষে ‘দৃঢ় অবস্থান’ ব্যক্ত করেন।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত খালেদা জিয়া সংসদে বক্তব্য রাখছিলেন।