এটা একটা বিদ্যালয়!
বিদ্যালয়ের বারান্দায় কয়েকজন শ্রমণ (বৌদ্ধ ধর্মের দীক্ষাধারী) ক্যারাম খেলছেন। একটি কক্ষে ১০-১২ জন নির্মাণশ্রমিক ঘুমাচ্ছেন। একজন শিক্ষিকা হাঁটাহাঁটি করছেন। শ্রেণীকক্ষে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী কেউ নেই। গতকাল মঙ্গলবার বান্দরবান সদর উপজেলার সাউপাড়ার থুইম্রা অং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ রকম দৃশ্য দেখা গেছে।বিদ্যালয়ে উপস্থিত শিক্ষিকা মাসিং প্রু মারমা জানালেন, চারজন শিক্ষকের মধ্যে একজন প্রেষণে রয়েছেন। আর হরতালের কারণে দুজন বিদ্যালয়ে আসেননি। বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ১৬ জন। তবে পাড়াবাসী বলেছেন, শিক্ষকেরা শুধু হরতালে নয়, স্বাভাবিক সময়েও যে যাঁর ইচ্ছামাফিক কর্মস্থলে আসেন। পাড়ার বাসিন্দা অংচিং মারমা, পাইনসা থোয়াই মারমা বলেছেন, প্রধান শিক্ষক নিজে মাসের বেশির ভাগ সময় অনুপস্থিত থাকেন। এ জন্য এলাকার লোকজন বিদ্যালয়ের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যার যার সামর্থ্য অনুযায়ী ছেলেমেয়েদের অন্যত্র নিয়ে বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন। প্রধান শিক্ষক মজিবুর রহমান নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিতির কথা অস্বীকার করে বলেছেন, হরতালে দুই দিন যেতে না পারলেও প্রতিদিন তাঁরা বিদ্যালয়ে যান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবীর আহমদ বলেছেন, প্রধান শিক্ষককে নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিতির অভিযোগে কারণ দর্শাতে বলা হয়েছে। শ্রমিকদের থাকার জন্য শ্রেণীকক্ষ দেওয়ার বিষয় ও বিদ্যালয়গামী ছেলেমেয়ে বিদ্যালয়ের বাইরে রয়েছে কি না, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে বলে তিনি জানান।