এটা কী করলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানের সঙ্গে সব সময় খিটমিট না করে বুঝিয়ে বলুন। মডেল: রুনা খান ও তাঁর মেয়ে রাজেশ্বরী। ছবি: কবির হোসেন
সন্তানের সঙ্গে সব সময় খিটমিট না করে বুঝিয়ে বলুন। মডেল: রুনা খান ও তাঁর মেয়ে রাজেশ্বরী। ছবি: কবির হোসেন

‘গোসলে যাও।... গোসলটাও ঠিকমতো করতে পারো না?... এটা কী করলে, তোমার জামাকাপড় এখানে রাখলে কেন? ...খবরদার, দেরি করে ঘুম থেকে উঠবে না।... ওর সাথে এভাবে কথা বললে কেন?... স্কুলের পড়াটা শেষ করেছ?... এতক্ষণ কী করলে, এক্ষুনি পড়তে বসো।’ এভাবে অন্তুর মা সারা দিন তাঁর ছেলের পেছনে লেগে থাকেন। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তাঁর যেন একটাই কাজ, সেটা হচ্ছে, ছেলেকে সব বিষয়ে নির্দেশনা দেওয়া। শুধু তা-ই নয়, প্রায় সবকিছুতেই অসন্তুষ্টি প্রকাশ করে বারবার ছেলেকে শুধরে দেওয়ার চেষ্টা করা।
অনেক মা-বাবা সব সময় সন্তানের সমালোচনা করেন। কখনো কখনো দেখা যায়, সারা দিন সন্তানকে ধমক দিচ্ছেন। সোজা বাংলায় বলতে গেলে বিষয়টি হচ্ছে, সব সময় সন্তানের সঙ্গে তাঁরা ‘খিটমিট’ করতে থাকেন, যা শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশের অন্তরায়।
এসব আচরণের কারণে শিশুর মধ্যে যেসব সমস্যা হতে পারে, তা হলো:
 সম্পর্ক গড়ে ওঠে না: মা-বাবাসহ আশপাশের স্বজন-বন্ধুদের সঙ্গে শিশুর স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠে না। সে নিজেকে গুটিয়ে রাখে, সামাজিক মিথস্ক্রিয়ায় অংশ নিতে পারে না।
 সিদ্ধান্ত গ্রহণে অপারগতা: সব সময় বাবা-মা কর্তৃক নির্দেশিত কাজ করতে করতে শিশুর স্বাতন্ত্র্যবোধ নষ্ট হয়ে যায়, নিজে নিজে ছোটখাটো সিদ্ধান্ত নিতে সে ব্যর্থ হয়। সিদ্ধান্তহীনতার এই সমস্যা অনেক সময় সারা জীবন বয়ে বেড়াতে হয়।
 অনাকাঙ্ক্ষিত আচরণ: অভিভাবকের তীর্যক মন্তব্য শুনতে শুনতে শিশুর মধ্যে আচরণের পরিবর্তন দেখা যায়। সে চট করে রেগে যায়, অবাধ্য হয়ে ওঠে। প্রতিহিংসামূলক মনোভাব নিয়ে বেড়ে ওঠে।
 নিরুৎসাহী হয়ে যাওয়া: পড়ালেখা থেকে শুরু করে আনন্দদায়ক যেকোনো কাজে সে নিরুৎসাহী হয়ে যায়। নিজে থেকে কোনো কিছু করার ইচ্ছা নষ্ট হয়ে যায়।
 পরিণত বয়সে প্রতিফলন: ছোটবেলার এই অভিজ্ঞতা শিশুর পরিণত বয়সে তার যাপিত জীবনে প্রতিফলিত হয়। ভবিষ্যতে তার দাম্পত্য জীবনে, নিজ সন্তানের প্রতি আচরণে এবং কর্মক্ষেত্রে মানিয়ে চলার সমস্যা দেখা দিতে পারে।
 মানসিক সমস্যা: কোনো কোনো ক্ষেত্রে কন্ডাক্ট ডিজঅর্ডার (অবাধ্য আচরণ), বিষণ্নতা, সাইকোসিস, মুড ডিজঅর্ডার (আবেগের সমস্যা) ইত্যাদি মানসিক সমস্যায় সে আক্রান্ত হতে পারে।
এই ধরনের ক্ষতিকারক আচরণ থেকে দূরে থেকে সন্তানের সুস্থ মানসিক বিকাশের জন্য এবং তার ভবিষ্যৎ জীবনকে সাবলীল রাখতে বাবা-মায়েদের যা করণীয়, তা হলো:
 শিশুকে সুযোগ দিন: শিশুকে তার কাজটি নিজের মতো করে করার সুযোগ দিন। আপনার মতো করে না হলেও সে যেন তার মতো করে কাজটি করতে পারে, সে জন্য তাকে সময় দিন।
 ক্রমাগত নির্দেশনা নয়: সব সময় তাকে নির্দেশনা দেওয়া থেকে বিরত থাকুন। শিশুকে পর্যবেক্ষণ করুন, যতক্ষণ পর্যন্ত সে কোনো সমস্যার মুখোমুখি না হচ্ছে, ততক্ষণ তাকে নিজে নিজে সবকিছু করতে উৎসাহী করুন।
 ধৈর্য ধরুন: ভবিষ্যতে ‘আরও ভালো’র কথা চিন্তা করে ধৈর্য ধরুন। শিশুর ওপর আস্থা রাখুন। অধৈর্য হয়ে তাকে এক্ষুনি সবকিছু নিখুঁতভাবে করার জন্য চাপ দেবেন না।
 তীর্যক মন্তব্য নয়: শিশুর ছোটখাটো ভুলত্রুটিকে উপেক্ষা করুন। ক্ষেত্রবিশেষে তাকে বুঝিয়ে বলুন। কিন্তু সব সময় তীর্যক মন্তব্য করে, বিরক্তি প্রকাশ করে, তার সমালোচনা করে তাকে দমিয়ে রাখবেন না।
 উৎসাহ দিন: শিশুকে তার যেকোনো ইতিবাচক কাজের জন্য উৎসাহ দিন। অর্জন যত ছোটই হোক না কেন, বড় করে তার প্রশংসা করুন। তার আনন্দে আপনিও অংশ নিন।
 সমন্বিত আচরণ: বাবা একধরনের মনোভাব প্রকাশ করছেন আর মা আরেক ধরনের, তাতে শিশুর মধ্যে দ্বিধা ও সিদ্ধান্তহীনতা তৈরি হবে। তাই মা-বাবা দুজনে মিলে শিশুর প্রতি একই ধরনের সমন্বিত আচরণ করুন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখুন।
 প্রয়োজনে বিশেষজ্ঞ: মা-বাবারা যদি কখনো নিজেদের আচরণকে নিয়ন্ত্রণ করতে না পারেন, সব সময় শিশুর প্রতি তীর্যক মন্তব্য করেই যান, তবে প্রয়োজনে নিজেরাই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। আবার তাঁদের আচরণের কারণে যদি শিশুর মধ্যে মানসিক সমস্যা দেখা যায়, তাহলেও দরকার হতে পারে বিশেষজ্ঞ চিকিৎসকের।
লেখক: মনোরোগ বিশেষজ্ঞ