এটা কেমন ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স তাঁর ৩৭ বছর। সন্ত্রাসী হামলায় আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তির নথিতে ৩৭ বছর উল্লেখও আছে। কিন্তু পরে হাসপাতাল থেকে দেওয়া চিকিৎসা সনদে তাঁর বয়স উল্লেখ করা হয়েছে ৬৭ বছর।
ভুক্তভোগী এই ব্যক্তির নাম আবদুর রব। বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার এরালিগুল গ্রামে। গত মঙ্গলবার জাতীয় পরিচয়পত্রে তাঁর প্রকৃত বয়স এবং চিকিৎসা সনদে উল্লেখ করা প্রায় দ্বিগুণ বয়সের বিষয়টি ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।
আবদুর রব বলেন, নয় মাস আগে তাঁর ওপর সন্ত্রাসী এক হামলার ঘটনায় থানায় মামলা হয়। পুলিশ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে গত ৩০ সেপ্টেম্বর। অভিযোগপত্রের অনুলিপি আদালত থেকে তোলার পর চিকিৎসা সনদে তাঁর বয়স বেশি উল্লেখ করার বিষয়টি আবদুর রবের নজরে আসে। এ ছাড়া সনদে তাঁর চিকিৎসা-সংক্রান্ত তথ্যেও অসংগতি রয়েছে।
আবদুর রবের অভিযোগ, মামলাটিকে দুর্বল করতে তদন্তকারী পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট চিকিৎসক পরস্পরের যোগসাজশে এটি করেছেন।
জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি আবদুর রবের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারী ব্যক্তিরা মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে মারাত্মক জখম করে। প্রথমে তাঁকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১৬ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।
ওই হামলার ঘটনায় আবদুর রবের ছোট ভাই রেজাউল হক গত ২১ ফেব্রুয়ারি কানাইঘাট থানায় মামলা করেন। এতে এরালিগুল গ্রামের আলা উদ্দিন, জুনেদ আহমদ, সেলিম উদ্দিন, শাহিন উদ্দিন ও কুটন মিয়াকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবদুর রব চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নেওয়ায় পরিকল্পিতভাবে তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। মামলা দায়েরের প্রায় ছয় মাস পর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে আলাউদ্দিন ও সেলিম উদ্দিনকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।
হাসপাতালের নথিপত্র থেকে জানা যায়, ওসমানী হাসপাতালের জরুরি বিভাগের ভর্তি-তথ্যে ‘পুলিশ কেস’ উল্লেখ করে আবদুর রবের বয়স ৩৭ বছর উল্লেখ রয়েছে। একটানা প্রায় ২২ দিন হাসপাতালের ওয়ার্ড, আইসিইউ ও কেবিনে চিকিৎসাধীন থাকার সময় চিকিৎসকদের একাধিক ব্যবস্থাপত্র এবং হাসপাতাল ত্যাগের ছাড়পত্রেও আবদুর রবের বয়স ৩৭ বছর উল্লেখ করা হয়। কিন্তু গত ৭ সেপ্টেম্বর হাসপাতাল থেকে দেওয়া চিকিৎসা সনদে আবদুর রবের বয়স উল্লেখ করা হয়েছে ৬৭ বছর।
পুলিশ কেস-সংক্রান্ত ঘটনায় চিকিৎসা সনদ সংগ্রহ করেন সরাসরি মামলার তদন্ত কর্মকর্তা। আবদুর রবের মামলাটি তদন্ত করেন কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) কামালউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি মামলার তদন্ত করেছি। তদন্তের প্রয়োজনে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করে সেটি আদালতে দাখিল করেছি। বয়স বাড়ানোর বিষয়টি আমার চোখে পড়েনি। তবে এমন হলে সে দায় তো পুলিশের না, মেডিকেলের।’
এ বিষয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস ছবুর মিঞা বলেন, ‘বয়স বাড়িয়ে দেওয়ার তো কোনো কারণ নেই। এটা হতে পারে ভুল। চাইলে ভুল সংশোধন করে দেওয়া হবে।’