এটা ন্যায়ভ্রষ্ট রায়: গোলাম আযমের ছেলে

গোলাম আযমের ছেলে আবদুল্লাহহিল আমান আযমী বলেন, ‘এই রায় আমরা প্রত্যাশা করিনি। এটা ন্যায়ভ্রষ্ট রায়। তিনি (বাবা গোলাম আযম) একাত্তর সালে বাংলাদেশের বিপক্ষে কাজ করেননি। পাকিস্তানের অখণ্ডতার পক্ষে কথা বলেছেন।’ গোলাম আযমের বিরুদ্ধে আজ রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। আযমী দাবি করেন, ১৯৭১ সালে তিনি শান্তি কমিটির একজন সাধারণ সদস্য ছিলেন মাত্র। তাঁর নির্দেশে আলশামস, আলবদরসহ অন্যান্য আধা সামরিক বাহিনী গঠিত হওয়ার দাবিটি মিথ্যা। তিনি বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব।’ মানবতাবিরোধী অপরাধের মামলায় গোলাম আযমের পক্ষে একমাত্র সাক্ষী ছিলেন তাঁর ছেলে সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহহিল আমান আযমী। গোলাম আযমের আইনজীবী সাইফুর রহমান রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, ‘গোলাম আযমকে সুপিরিয়র রেসপনসিবিলিটি দেখিয়ে অভিযুক্ত করা হয়েছে। আদালতের এই রায় যথার্থ নয়। বিষয়টি নিয়ে আমরা উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতের মাধ্যমে তিনি আবারও নিষ্পাপ প্রমাণিত হবেন।’