অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বাধীনতা পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে সাংবাদিকদের বলেছেন, ‘আমার তো মনে হয়, এটা পাওয়ার জন্যই আমি বেঁচে আছি।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শুরুর আগে সাংবাদিকেরা জানতে চাইলে অর্থমন্ত্রী এ কথা বলেন।
১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন আবুল মাল আবদুল মুহিত। পের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের কাজ করেন তিনি। পুরস্কারের টাকা দিয়ে কী করবেন, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এখনো চিন্তা করিনি।’
পুরস্কার পাওয়ার পর স্ত্রী কোনো উপহার দিয়েছেন কি না জানতে চাইলে অর্থমন্ত্রী শুধু হাসেন। হাসতে হাসতেই তিনি সম্মেলনকক্ষে চলে যান। দুপুরে অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে আসেন অর্থমন্ত্রী। এ সময় অর্থ বিভাগ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সময় শুভেচ্ছা জানাতে আসেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ। অর্থমন্ত্রী সবাইকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন।