এটা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সহিংসতার সঙ্গে নির্বিচারে বৃক্ষনিধনের যে সংস্কৃতি চালু হয়েছে, তা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের বরখেলাপ। একই সঙ্গে দেশের পরিবেশ আইন ও সংবিধানে পরিবেশ রক্ষায় নাগরিকের যে রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে, তারও বরখেলাপ। এটা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ।পরিবেশ ও প্রাণী বিশেষজ্ঞরা এ মতামত দিয়েছেন। তাঁরা হরতাল ও অবরোধের নামে গাছের জীবন কেড়ে নেওয়ার এ ধারা পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের সম্মুখীন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দুবাই চিড়িয়াখানার সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, এটা প্রকৃতির বিরুদ্ধে সন্ত্রাস। যারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে হাজার হাজার গাছের জীবন ধ্বংস করে, তারা নিজেদেরও ক্ষতি করল। একই সঙ্গে তারা গাছের সঙ্গে বেইমানিও করল বলা যায়। কেননা, এ গাছ তাদের জীবন রক্ষাকারী অক্সিজেন দেয়। সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে পরিবেশ দরকার, তাতে ভারসাম্য তৈরি করে। পাখি ও অনেক গুরুত্বপূর্ণ বন্য প্রাণীর শেষ আশ্রয়স্থল ছিল এ গাছ। এগুলো কাটার মাধ্যমে প্রাণীদের আশ্রয়টুকুও কেড়ে নেওয়া হলো। আনিসুজ্জামান বলেন, যারা পরিবেশের জন্য ধ্বংসাত্মক এ কাজ করেছে, তাদের প্রতি জাতীয়ভাবে ঘৃণা প্রকাশ করা উচিত। ভবিষ্যতে তারা যাতে এ ধরনের কাজ না করে, সে জন্য বন বিভাগের উচিত পরিবেশবাদীদের সঙ্গে নিয়ে প্রতিটি এলাকায় সচেতনতামূলক কর্মসূচি নেওয়া। তিনি বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে পরিবেশ রক্ষার অঙ্গীকার করেছিল। বৃক্ষনিধনকারীরা সেই অঙ্গীকারও ভঙ্গ করল। পরিবেশবাদীদের উচিত তাদের এ ব্যাপারে প্রশ্নের সম্মুখীন করা। এ ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে চাপ সৃষ্টি করা। জামায়াতে ইসলামী ও বিএনপি—এ দুটি দল তাদের সর্বশেষ নির্বাচনী ইশতেহারে বৃক্ষনিধন বন্ধ করার উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছিল। তারা বৃক্ষ রক্ষায় জনগণকে সচেতন করা এবং পরিকল্পিতভাবে গাছ লাগানোর কর্মসূচি নেওয়ার অঙ্গীকার করেছিল। একই অঙ্গীকার ছিল আওয়ামী লীগেরও। পরিবেশ সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) বাংলাদেশের দেশীয় পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, সংবিধানে জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী বড় ও গুরুত্বপূর্ণ গাছ কাটা দণ্ডনীয় অপরাধ। কাটা পড়া বেশির ভাগ গাছই সামাজিক বনায়নের আওতায় লাড়ানো হয়েছিল—এ কথা উল্লেখ করে ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, এ গাছের বেশির ভাগ অংশের মালিক গ্রামের গরিব মানুষ। ফলে তাদেরও ক্ষতি হয়ে গেল। সরকারের উচিত দ্রুত ওই ক্ষতি পোষানোর ব্যবস্থা করা।