
সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু কাজ করছে তার উল্টো। মুক্তিযুদ্ধের শহীদদের আত্মদানের মাধ্যমে অর্জিত সব অর্জনকে ভূলুণ্ঠিত করে সরকার এ দেশে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘পয়লা বৈশাখের বিরুদ্ধে মৌলবাদী আক্রমণ, অপপ্রচার ও ধর্মান্ধদের সঙ্গে সরকারের নির্লজ্জ আপসের প্রতিবাদে’ এই সমাবেশ আহ্বান করা হয়।
হেফাজতের দাবির পরিপ্রেক্ষিতে পাঠ্যপুস্তক থেকে প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়া, একই সংগঠনের দাবিতে সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। তাঁরা বলেন, এটা মৌলবাদী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ। এখন মৌলবাদীরা সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণের কথা বলছে, কাল অপরাজেয় বাংলা ভেঙে দেবে, রাজু ভাস্কর্যসহ সব প্রগতিশীল আন্দোলনের স্মারক সরাতে বলবে।
উদীচীর কেন্দ্রীয় সভাপতি সফিউদ্দিন আহমদ বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অনেকে ভাস্কর্যকে মূর্তি বলছেন। সেটা মূর্তি নয়। সেটা ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্য।’ সফিউদ্দিন আহমদ আরও বলেন, ‘সরকার বলে আমরা মুক্তিযুদ্ধের সরকার। মুক্তিযুদ্ধের সরকারের কাজ কি কওমি মাদ্রাসাকে উচ্চশিক্ষার সমান পর্যায়ে আনা? পাঠ্যপুস্তক বিকৃত করা? আমরা এগুলোকে আর সহ্য করব না।’ চট্টগ্রামে পয়লা বৈশাখের দেয়ালচিত্র মবিল ছিটিয়ে বিকৃত করে দেওয়াকে সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা দুর্জয় প্রত্যয় নিয়ে বলছি, আমরা মঙ্গলযাত্রা বের করবই। আমরা কখনো কোনো বাধাবিপত্তিকে মানব না। বাঙালির যে প্রাণের দাবি, বাঙালিত্ব, বাংলার সংস্কৃতির জন্য আমরা প্রয়োজনে প্রাণ দেব। কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না।’
প্রকাশক রবীন আহসান বলেন, বাংলাদেশের ইতিহাস মৌলবাদী অপশক্তির কাছে মাথা নত না করার ইতিহাস। হেফাজতের দাবির প্রতি ক্ষমতাসীন দল যত নরম হোক না কেন, তারা কোনো দিন আওয়ামী লীগকে ভোট দেবে না। সমাবেশ সঞ্চালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার।
সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, চারুশিল্পী সংসদের সহসাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, উদীচীর সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, শিবাণী ভট্টাচার্য্য, হাবিবুল আলম, সহসাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ইকবালুল হক খান, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান প্রমুখ।