এটা মৌলবাদীদের সঙ্গে আপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>কওমি মাদ্রাসার স্বীকৃতি, সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের দাবি এবং বর্ষবরণ আয়োজনের বিরোধিতা—এসব ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখছেন না দেশের বিশিষ্টজনেরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেছেন, মৌলবাদী শক্তির প্রতি একধরনের সমর্থন দেওয়া হচ্ছে।
আবুল মোমেন
আবুল মোমেন

বাংলাদেশের সমাজে ধর্মভিত্তিক মৌলবাদী চিন্তাভাবনা আছে। তারা সরকারের ওপর চাপ প্রয়োগ করছে। এখন তারা শক্তভাবে অবস্থান প্রকাশের চেষ্টা করছে। জঙ্গিবাদ নিয়ে সরকার চিন্তিত। এই সুযোগে মৌলবাদীরা তাদের সামাজিক ও রাজনৈতিক চিন্তা জোরদারভাবে প্রকাশ করছে। সরকার কেন নতি স্বীকার করছে, সেটা বুঝতে পারছি না।
উদ্বেগের বিষয়, বাংলাদেশে বহুকাল ধরে প্রগতিশীল চেতনার সঙ্গে রক্ষণশীল চিন্তাভাবনার বিরোধ ছিল। সেই বিরোধ এখন প্রকট রূপ ধারণ করেছে। সরকার ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে বলে মৌলবাদীদের সঙ্গে আপস করছে। এটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। ভাস্কর্যের ব্যাপারে বলি, সুপ্রিম কোর্টের মতো জায়গায় ভাস্কর্য স্থাপনের আগে বড় মাপের শিল্পীদের নিয়ে কমিশন গঠন করা দরকার ছিল। সেটা করা হয়নি। এখন মৌলবাদী শক্তির চাপে এটিকে সরানোর কথা বলা হচ্ছে। সরকার মৌলবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়াচ্ছে না।
আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক