এটা সহিংসতা, এটা গণহত্যা: প্রধানমন্ত্রী

বাসে আগুন দিয়ে যারা গণহত্যা চালাচ্ছে, তাদের ছাড় দেওয়া হবে না বলে বিরোধী দলকে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আগুনে মানুষ পোড়ানোর মতো যারা ঘৃণ্য অপরাধ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সহিংসতার মাধ্যমেই গণহত্যা চালানো হচ্ছে। এটা সহিংসতা, এটা গণহত্যা। বিএনপি একাত্তরের দোসরদের দিয়ে গণহত্যা চালাচ্ছে। ঠিক যেমন একাত্তরে বাঙালি জাতির ওপর করা হয়েছিল।’
শেখ হাসিনা বলেন, ‘এখানে এসে দেখলাম একেকটা পরিবারের কী অবস্থা! এই যে সুমি (আগুনে পোড়া রোগী) সে আমাকে বলছে, যারা আমাকে পুড়িয়েছে তাদের হাত পুড়িয়ে দিন। কিন্তু আমরা তো তাদের মতো বর্বর না।’ তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা এসি রুমে বসে থাকবেন, আর আগুনে মানুষ পোড়ানোর হুকুম দেবেন, এটা হতে পারে না।’
এর আগে বার্ন ইউনিটে পৌঁছে আগুনে পোড়া রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের যথাযথ চিকিত্সাসেবা চালিয়ে রাখতে সংশ্লিষ্ট চিকিত্সকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।