এটাই যেন অপহরণের শেষ ঘটনা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে অপহরণের মতো ঘটনা ঘটতে পারে না। এটাই যেন এ দেশে এ ধরনের শেষ ঘটনা হয়। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সেন্ট্রাল রোডে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান মনে করেন, আগের অপহরণ ঘটনাগুলোর বিচার হলে এ ঘটনা ঘটত না। তাঁর স্বামী অপহরণের ঘটনার রহস্য শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ঘাটনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিজওয়ানা বলেন, ‘এজাহারে আমরা কিছু সন্দেহের কথা বলেছি। কারও নাম উল্লেখ করিনি। বলেছি, আমার কর্মকাণ্ডে কারও অর্থনৈতিক ক্ষতি হয়ে থাকলে তাদের সন্দেহের তালিকায় যেন রাখা হয়। পুলিশ আমাদের কাছে জানতে চেয়েছে। সেখানে নামগুলো আমি বললেও তদন্তের স্বার্থে সেগুলো এখানে বলতে পারছি না। সিদ্দিক জবানবন্দি দিয়েছে কেমন জায়গায় তাকে রেখেছে, কেমন আচরণ করা হয়েছে। সবার কাছে আবেদন থাকবে, ঘটনাটা কেন ঘটেছে, কেন তাকে ধরে নিয়ে গেল, সে বিষয়টি পরিষ্কার নয়। এটা পরিষ্কার করতে হবে।’
রিজওয়ানা জানান, তাঁর স্বামী আবু বকর সিদ্দিক নিরাপদে ফিরলেও তাঁরা নিরাপদ বোধ করছেন না। তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ারও দাবি করেন তিনি। গণমাধ্যমকর্মীরা দুই দিন ধরে পাশে ছিলেন, সারা দেশের মানুষ তাঁর স্বামীর অপহরণের ঘটনাটিকে নিজস্ব নিরাপত্তার বিষয় হিসেবে দেখেছেন। এ জন্য কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রিজওয়ানা বলেন, ‘রাষ্ট্রীয় সমর্থন ছাড়া এত দ্রুত উদ্ধার করা সম্ভব ছিল না। সব অপহরণই ঘৃণ্য। সব অপহরণের ঘটনাকেই সমান গুরুত্ব দেওয়া হয় না। তবে এ ঘটনাকে গুরুত্ব দেওয়ায় আপনাদের সামনে হাসিমুখে বসতে পেরেছি।’ একই সঙ্গে তিনি ধন্যবাদ জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, আইনজীবীসহ সবাইকে।
স্বামীকে ফিরে পেতে কোনো ধরনের সমঝোতা হয়েছে কি না, জানতে চাইলে তিনি তা উড়িয়ে দিয়ে বলেন, এ ধরনের কিছুই হয়নি। এ ঘটনার পর পরিবেশ রক্ষায় তাঁর বিভিন্ন কার্যক্রম থেমে যাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ঘটনার পর তাঁর কোনো কাজই থেমে যাবে না। তবে এ মুহূর্তে একটি বিশেষ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি। আশা করব, পুলিশ আমাদের নিরাপত্তা দেবে। এসব বিষয় দেখেই পরবর্তী কাজে এগিয়ে যাব। কারণ, আমরা এখনো নিরাপদ বোধ করছি না।’
রিজওয়ানার স্বামী আবু বকর সিদ্দিক বলেন, ‘অপহরণকারীদের হাত থেকে দ্রুত মুক্তি পাওয়ায় আমি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। তবে নিজেকে এখনো নিরাপদ মনে করছি না।’ এ সময় তিনি তাঁর অপহরণের সময় থেকে উদ্ধার হওয়া পর্যন্ত বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। অপহূত হওয়ার পর অপহরণকারীরা তাঁর সঙ্গে কেমন আচরণ করেছে। কীভাবে ছাড়া পেলেন সে বর্ণনাও দেন।
আবু বকর বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় পকেটে ৩০০ টাকা দিয়ে দেয় অপহরণকারীরা। তিনি সেন্ট্রাল রোডের বাসায় যাওয়ার জন্য প্রথমে একটি রিকশায় উঠে মিরপুরের কাজীপাড়া পর্যন্ত আসেন। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশা পান। অটোরিকশার চালক হাফিজুর রহমান তাঁকে সেন্ট্রাল রোডের বাসায় নিয়ে যেতে রাজি হন।
কলাবাগান স্টাফ কোয়ার্টারের সামনে পুলিশের একটি তল্লাশিচৌকি অটোরিকশাটিকে থামালে আবু বকর তাঁর পরিচয় দেন। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা পুরো বিষয়টি জেনে তাঁকে ধানমন্ডি থানায় নিয়ে যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। এরই মধ্যে পুলিশের কর্মকর্তাসহ পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হন।