এটি একটি মহাসড়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত প্রায় ৬‍০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে ভাদুরিয়া বাজার থেকে তোলা l প্রথম আলো
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত প্রায় ৬‍০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে ভাদুরিয়া বাজার থেকে তোলা l প্রথম আলো

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার অংশে ছোট-বড় শতাধিক খানাখন্দের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দুর্ঘটনার আতঙ্কে ভুগছেন চালকেরা। তিন মাসে এই সড়কে দুর্ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন।
সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং দায়সারা গোছের কাজের কারণে মহাসড়কটির এই অংশ এমন বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসী ও ভুক্তভোগীদের।
এক সপ্তাহ ধরে দিনাজপুরের বিরামপুর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পর্যন্ত সরেজমিনে ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিরামপুর পৌর শহরের টাটাকপুর, ধানহাটির মোড়, পল্লবীর মোড়, নবাবগঞ্জের চড়ারহাট, ভাদুরিয়া বাজার ও গোবিন্দগঞ্জের কাটাতে রমজানের ঈদের আগে ২০ থেকে ২৫টি বড় এবং শতাধিক ছোট গর্তের সৃষ্টি হয়। এ ছাড়া এই মহাসড়কের সার্ভিস রাস্তা (পার্শ্ব সড়ক) নির্মাণ না করায় দুই পাশে অসংখ্য বড় গর্ত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভাদুরিয়ায় গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) শ্রমিকেরা ট্রাকে করে আনা ভাঙা ইট ও বালু দিয়ে গর্ত ভরাটের কাজ করছেন। জানতে চাইলে সেখানে উপস্থিত কর্ম সহযোগী আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাজ ‘অল্প’। দপ্তর থেকে যেভাবে বরাদ্দ দেওয়া হয়, সেভাবেই কাজ করা হচ্ছে। বরাদ্দ বেশি এলে ভালোভাবে কাজ করা হবে।
বৃহস্পতিবার ভাদুরিয়া বাজারে একটি মালবাহী ট্রাক গর্তে আটকে যায়। পরে সার্কাসের একটি হাতির সাহায্যে ট্রাকটি টেনে তোলার চেষ্টা করা হয়। কিন্তু সম্ভব হয়নি। পরে অন্য একটি ট্রাকের সাহায্যে টেনে তোলা হয় ওই ট্রাক।
ভাদুরিয়া বাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন, প্রায় এক বছর আগে ভাদুরিয়া বাজারের ওপর দিয়ে যাওয়া দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে বড় একটি গর্তের সৃষ্টি হয়। তখন সওজের লোকজন দায়সারাভাবে গর্তটি ভরাট করেন। পরে আবার গর্ত হয়। দিনে দিনে গর্তটি বড় হতে থাকে। তিন মাস ধরে প্রায় প্রতিদিন আট থেকে দশটি যানবাহন এই গর্তে আটকে যায়। সর্বশেষ গতকাল শুক্রবার ভোরে তিনটি ট্রাক একসঙ্গে আটকা পড়ে। এতে এই সড়ক দিয়ে বেলা তিনটা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকে। এই ব্যবসায়ী আরও বলেন, এই তিন মাসে বাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন।
যাত্রীবাহী শাহ ইউনুস বাসের চালক ওমর ফারুক ও ট্রাকচালক মো. সোহেল বলেন, নামে মহাসড়ক হলেও এটি অন্য সড়কের চেয়ে সরু। এ ছাড়া সার্ভিস রাস্তা না থাকায় সামান্য বৃষ্টিতে চোরা গর্ত হয়। বর্তমানে এ সড়কটি চালকদের জন্য মহা আতঙ্কের। কখন দুর্ঘটনা ঘটে, মনে এই ভয় কাজ করে।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বিরামপুর শাখার সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, দিনাজপুর-ঢাকাগামী যাত্রীবাহী বেশির ভাগ কোচ গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে যাওয়া-আসা করে। এ ছাড়া দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়গামী বেশির ট্রাকও এ মহাসড়ক দিয়ে চলাচল করে। অথচ এ সড়কে নিম্নমানের সংস্কারের কারণে এমন বেহাল হয়ে পড়েছে।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফিরোজ শাহ জানান, বিষয়টি তাঁদের সংগঠনের পক্ষ থেকে বহুবার সওজকে জানানো হয়েছে। আজ শনিবার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তাঁকে অবহিত করবেন।
ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এহসানুল হক শামীম বলেন, ভাদুরিয়া বাজারে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তাই বাজারের ওপর দিয়ে যাওয়া সড়কটির এই অংশে সব সময় খানাখন্দের সৃষ্টি হয়। তিনি বহুবার সওজের কর্মকর্তাদের জানিয়েছেন। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
মুঠোফোনে জানতে চাইলে সওজের দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া বলেন, বর্ষার পর দরপত্র আহ্বান করা হবে। তখন বড় ধরনের সংস্কারকাজ করা হবে।