এটি একটি হত্যাকাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ ২৫০ শয্যার সদর আধুনিক হাসপাতালে গতকাল সোমবার হাওরের মিঠামইন উপজেলার প্রত্যন্ত গ্রাম ধোবাজুরা থেকে প্রসূতি রোগী ফরিদা বেগম হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জন শশাঙ্ক কুমার সূত্রধর প্রসূতিকে চিকিৎসা দিতে গিয়ে দেখেন, বাচ্চা প্রসব করাতে গিয়ে গ্রামের প্রবীণ নারীরা বাচ্চার মাথা টানতে টানতে অনেক আগেই মেরে ফেলেছেন। এ অবস্থায় প্রসূতির মায়ের অবস্থাও আশঙ্কাজনক। পরে তিনিসহ তাঁর সহকর্মীরা এক ঘণ্টা চেষ্টা করে মৃত বাচ্চাটিকে প্রসব করিয়ে প্রসূতি মাকে বাঁচাতে সক্ষম হন।ফরিদা বেগমের স্বামী মহরম আলী জানান, রোববার প্রসব বেদনা শুরু হলে পরিবারের বয়স্ক ব্যক্তিরা বাচ্চাটিকে প্রসবের চেষ্টা চালান। একপর্যায়ে ব্যর্থ হলে তাঁকে শ্বশুরবাড়ি একই উপজেলার দুর্গাপুর গ্রামে নিয়ে আসা হয়। পরে মুমূর্ষু অবস্থায় গতকাল সকালে তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।অজ্ঞতার কারণে শিশুটির মৃত্যু হলেও মা বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন বলে স্টাফ নার্স ফরিদা ইয়াসমিন জানান।ফরিদা বেগমের মা কুলসুম নেসা জানান, ‘আল্লার মাল আল্লা লইয়া গেছে। আমরার করার কিছু নাই।’প্রসূতি বিশেষজ্ঞ শশাঙ্ক কুমার সূত্রধর জানান, গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিরাপত্তা, কার্যকর ও সঠিক প্রসবের ব্যাপারে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান কাজ করে আসছে। কিন্তু সত্যিকার অর্থে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এর কোনো প্রতিফলন নেই। ফরিদা বেগমের গর্ভজাত শিশুটিকে যে কায়দায় ভূমিষ্ঠ করার চেষ্টা করা হয়েছিল, তা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একটি অপরাধ। বলা যায়, এটি একটি হত্যাকাণ্ড।কিশোরগঞ্জের সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান জানান, ‘আমি বলব, শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে গ্রামের মানুষকে আরও সচেতন করতে হবে। স্বাস্থ্য বিভাগ ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।’