এটি কোনো গল্প নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সিনেমার কাহিনি নয়, নয় কোনো কল্পনা। তবে সিনেমার কাহিনি বা কল্পনাকেও হার মানায় এ গল্প। ১৮ বছর পর হারানো ছেলেকে ফিরে পেয়ে মা বুকে জড়িয়ে অঝোরে কাঁদছেন। কাঁদছে ভাইবোন। এ যে আনন্দের কান্না!১৮ বছর আগে হারিয়ে যাওয়া শিশুটির নাম মনির হোসেন। তিনি এখন পরিণত যুবক। তাঁর মায়ের নাম রানী বেগম। বাড়ি লক্ষ্মীপুরের সদরঘাটা এলাকায়। কিন্তু বুকের ধনকে পাওয়ার আনন্দ এখন আবার ফিকে হতে শুরু করেছে। কারণ, মায়ের সঙ্গে এখনই ফিরতে চান না মনির।গত জুনে ডিএনএ পরীক্ষার পর ৪ জুলাই চট্টগ্রাম সমাজসেবা কার্যালয় মনিরকে আনুষ্ঠানিকভাবে মা রানী বেগমের হাতে তুলে দিয়েছিল। কিন্তু দরিদ্র মা ও ভাইবোনদের কাছে যেতে মনির মানসিকভাবে প্রস্তুত নন বলে জানান।অথচ ছেলেকে ফিরে পেতে কত সাধ্যসাধনা ও সংগ্রাম করতে হয়েছে রানী বেগম ও তাঁর পরিবারকে! কত তাবিজ-কবজ, হাজিরা দেখা, এমনকি পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার পাওয়া শিশুদের খোঁজ পেলেই ছুটে গেছেন রানীর স্বামী মফিজ উল্লাহ। ছেলের শোকে প্রায় ১০ বছর আগে তাঁর মৃত্যু হয়।রানী বেগমের চার ছেলে এক মেয়ের মধ্যে মনির বড়। বাকিদের জন্ম মনির হারিয়ে যাওয়ার পর। দুই ভাই এখন উদয়াস্ত খাটে। অশিক্ষা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তাদের দিন কাটে।জানা গেছে, ১৯৯২ সালের ২০ জুলাই লক্ষ্মীপুরের বাড়ি থেকে তিন বছরের মনির হারিয়ে গিয়েছিলেন। পাচারকারীদের খপ্পরে পড়ে তিনি চলে গিয়েছিলেন মুম্বাই। ১৯৯৬ সালে পাচারকারীদের হাত ঘুরে মুম্বাই হয়ে বাংলাদেশে ফিরলেও মা-বাবার দেওয়া নাম ছাড়া আর কিছুই তাঁর মনে ছিল না। মনির এখন বাংলার চেয়ে হিন্দি ভাষায় কথা বলে বেশি।১৯৯৬ সালে দেশে ফেরার পর মফিজ উল্লাহ ঠিকই চিনতে পারেন বুকের মানিক মনিরকে। তবে বিপত্তি দেখা দেয় মনিরের দাবিদার দুজন হওয়ায়। নাটোরের তোতা মিয়া নামে আরেক ব্যক্তিও মনিরকে নিজের সন্তান বলে দাবি করে বসেন।অবশেষে গত জুনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মনির ও নিজের ডিএনএ পরীক্ষার মাধ্যমে রানী বেগম নিশ্চিত হন, চট্টগ্রামের এসওএস শিশুপল্লিতে আশ্রিত মনির হোসেনই তাঁর বড় ছেলে। সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা হাসান মাসুদ জানান, মা-ছেলের ডিএনএ রিপোর্ট ৯৯ দশমিক ৯ ভাগ মিলে গেছে।৪ জুলাই মনিরকে নিতে লক্ষ্মীপুর থেকে মা, ভাইবোন ও নানা চট্টগ্রাম আসেন। সেদিন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল। অনুভূতি প্রকাশ করতে গিয়ে রানী বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার যে কী ভালো লাগছে, সেটা বোঝাতে পারব না। ছেলেকে পাবার জন্য কত টাকাপয়সা খরচ করেছি, কিন্তু আজ আমার কোনো দুঃখ নেই।’মা ও ভাইবোনের এই অনুভূতি ছিল নিতান্তই একমুখী। দীর্ঘদিন নিজ পরিবার থেকে দূরে থাকা মনিরকে নাড়া দেয়নি তাদের আবেগ-অনুভূতি। ফলে সমাজসেবা কার্যালয় থেকে বের হওয়ার পর মনির লক্ষ্মীপুরে এখনই ফিরবেন না বলে বেঁকে বসেন। পরে যাওয়ার আশ্বাস দিলেও এখনো লক্ষ্মীপুরে মায়ের কাছে যাননি তিনি। কেবল মুঠোফোনে একটু-আধটু কথা বলেছেন।মনির নিজেই বলেন, ‘ডিএনএ পরীক্ষা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে আমি দীর্ঘদিন বাইরে ছিলাম। শিশুপল্লিতে আদর-যত্নে মানুষ হয়েছি। তাই ওদের সঙ্গে খাপখাওয়াতে সমস্যা হচ্ছে। আস্তে আস্তে স্বাভাবিক হলে আমি ফিরে যাব।’মনির শিশুপল্লিতে থেকে এসএসসি পাস করেছেন। এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। এখন তিনি হালিশহর ন্যাচার হাসপাতালে ফ্রন্ট ডেস্কে চাকরি করেন।শিশুপল্লির সহকারী পরিচালক ইসমাইল হোসেন জানান, মনির যে পরিবেশে বড় হয়েছেন, এর সঙ্গে হয়তো তাঁর মা-বাবার পরিবারের মিলবে না। তাই তাঁর মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। তিনি হয়তো দারিদ্র্য মেনে নিতে পারছেন না। তবে রক্তের সম্পর্কের কাছেই একদিন ফিরে যাবেন মনির।