এটি চিতাবিড়ালের ছানা!
ফেনীর পরশুরামের সাহেব নগর গ্রামের এক ধানখেতে বসেছিল ছানাটি। লম্বা লেজ। গায়ে গোল গোল কালো ফোঁটা। গতকাল রোববার সকালে ধান কাটতে গিয়ে গ্রামের কৃষক তাজুল ইসলাম ছানাটি দেখে লোকজন ডেকে ধরে ফেলেন। তিনি ভেবেছিলেন, বাঘের বাচ্চা ধরেছেন। বাচ্চাটি বাড়িতে আনার পর সারা গ্রামে রটে যায় বাঘের বাচ্চা ধরে আনার খবর। গাঁয়ের লোক বাঘের বাচ্চা দেখতে ভিড় জমাতে থাকে তাজুল ইসলামের বাড়িতে।বাঘের বাচ্চা ধরার খবর পেয়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্মল কান্তি চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ এবং উপজেলা বন বিভাগের লোকজন দ্রুত উপস্থিত হন তাজুল ইসলামের বাড়িতে। ছানাটিক উদ্ধার করে তাঁরা থানায় নিয়ে আসেন। তাঁরাও ছানাটিকে শনাক্ত করতে পারছিলেন না, সত্যি সত্যি সেটি বাঘের বাচ্চা কি না। বাচ্চাটিকে আপাতত থানায় রাখা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম সাহেব নগর গ্রামের কৃষক তাজুল ইসলাম (৩০) ধান কাটার সময় তাঁর খেতের ভেতর থেকে ছানাটি ধরেছেন। তাঁদের ধারণা, ভারতের বন থেকে এই বাঘের বাচ্চাটি সীমান্ত পাড়ি দিয়ে চলে এসেছে।প্রথম আলোতে পাঠানো ছবিটি দেখে এটাকে চিতাবিড়ালের ছানা বলে শনাক্ত করেছেন বন্য প্রাণিবিদ শরিফ খান। তিনি জানিয়েছেন, এর ইংরেজি নাম খবড়ঢ়ধৎফ পধঃ। লম্বা লেজ, গায়ে চিতাবাঘের মতো গোল ছাপ দেখে লোকে সাধারণত চিতাবিড়ালকে চিতাবাঘ বলে ভুল করেন। পূর্ণবয়স্ক চিতাবিড়ালের ওজন তিন কেজি পর্যন্ত হয়। লম্বা প্রায় ৯০ সেন্টিমিটারের মতো। এরা নিশাচর। সাধারণত লোকালয় এড়িয়ে চলে। বিপদে না পড়লে মানুষকে আক্রমণ করে না। এরা মূলত গ্রামীণ জঙ্গলের প্রাণী। আগে সারা দেশেই ছিল। এখন চিতাবিড়াল বিপন্ন প্রাণী। গ্রামীণ বন কমে যাওয়ায় এদের আবাস কমে গেছে। তা ছাড়া বাঘ ভেবে ভুল করে লোকজন এদের প্রায়ই পিটিয়ে হত্যা করে। এখন সুন্দরবনসংলগ্ন এলাকা ও প্রাকৃতিক বনে এদের দেখা যায়। চিতাবিড়াল গাছে চড়তে অত্যন্ত দক্ষ। পাখি, পাখির ডিম ও ছোটখাটো কীটপতঙ্গই এদের খাদ্য।