এটি নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার সময়: শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আবহমান বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, অস্তিত্ব ও চেতনার প্রতিফলন ঘটে পয়লা বৈশাখের অনুষ্ঠানে।
আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘আলপনায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, এটি প্রত্যয়ের সময়, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময়।
বাংলা নববর্ষ উপলক্ষে এশিয়াটিক এক্সপি, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড যৌথভাবে ‘আলপনায় বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করেছে। রাত সাড়ে ১০টার দিকে শিরীন শারমিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানটি আজ ভোর পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, পয়লা বৈশাখের সঙ্গে আমাদের সংস্কৃতি ও অর্থনীতি দুটিই জড়িত ছিল এবং আছে। কিন্তু পথ চলতে ধরন-ধারণ বদলেছে। যখন পরাধীন ছিলাম তখন পয়লা বৈশাখ প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরের সময়ে সংস্কৃতি ছিল লড়াইয়ের অন্যতম হাতিয়ার- সেখানেও নববর্ষ ছিল অন্যতম উপাদান। মঙ্গল শোভাযাত্রারও শুরু হয়েছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ে।
মন্ত্রী বলেন, এই সংস্কৃতিকে যারা চ্যালেঞ্জ করে তারা আমাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে। যারা চ্যালেঞ্জ করে তাদের কোনোভাবেই ক্ষমা করা উচিত নয়, তাদের সর্ব শক্তি দিয়ে প্রতিহত করা উচিত। মঙ্গল শোভাযাত্রা , আলপনা আকার সঙ্গে কোনো ধর্মের কোনোরূপ সংঘাত নেই। এটা সম্পূর্ণরূপে সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ অনুষ্ঠান।
উদ্বোধনী পর্বে অনুষ্ঠানের বিভিন্নদিক নিয়ে বক্তব্য দেন চিত্রশিল্পী মনিরুজ্জামান, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তইমুর রহমান, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, এশিয়াটিক ৩৬০-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন সারা যাকের। তাঁরা বলেন, মানিক মিয়ার অ্যাভিনিউ এর পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে একযোগে ‘আলপনায় বাংলাদেশ’ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এ মাধ্যমে চার লাখ বর্গফুটের বেশি আলপনা আঁকা হবে। এর মধ্যমে বিশ্ব রেকর্ড হবে বলে আয়োজকেরা প্রত্যাশা করেছেন।