এটি নামেই পার্ক

নোংরা পরিবেশ। ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। রাখা আছে কিছু রিকশা ও রিকশাভ্যান। কয়েকটি ভ্যানের ওপর বসে অলস আড্ডা দিচ্ছেন কিছু লোক।
সম্প্রতি পুরান ঢাকার চকবাজার থানার চাঁদনীঘাট এলাকার বশির উদ্দিন পার্কে গিয়ে দেখা যায় এই চিত্র।
স্থানীয় লোকজন বলেন, এটি নামেই পার্ক। চাঁদনীঘাট এলাকায় এখন যাদের বয়স ২০ বছরের নিচে, তাদের কেউ জানে না এটি পার্ক। শৈশব থেকে তারা দেখছে এখানে রিকশা ও ভ্যান রাখা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্র জানায়, ষাটের দশকে দশমিক ২ একর জায়গায় বশির উদ্দিন পার্ক প্রতিষ্ঠিত হয়। আর পার্কের ভেতরের গণশৌচাগার নির্মাণ করা হয় ১৯৯০ সালে। এরই মধ্যে গণশৌচাগার ও গোসলখানা হিসেবে ব্যবহৃত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ডিএসসিসির পক্ষ থেকে এ ব্যাপারে নোটিশও টাঙিয়ে দেওয়া হয়। তারপরও ভবনটি এখনো ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় লোকজন বলেন, পার্কের ভেতরে গণশৌচাগার তৈরি করার পর থেকে এর ভেতরের পরিবেশ নষ্ট হওয়া শুরু হয়। একপর্যায়ে পার্কের জায়গায় রিকশা-ভ্যান রাখা শুরু হয়। মাদকাসক্ত ব্যক্তিরা এখানে আড্ডা দেন।
বেসরকারি সংস্থা অ্যাকশনএইডের গবেষণা অনুযায়ী, রাজধানীর ৪২ শতাংশ নারী পার্ক বা উদ্যানকে অনিরাপদ ভাবেন। আর ৭০ শতাংশের বেশি নারী বলছেন, বাসা থেকে হাঁটার দূরত্বে কোনো পার্ক নেই।
চকবাজার থানার চাঁদনীঘাট এলাকার ওয়াটার ওয়ার্কস রোডের বাসিন্দা মো. আইয়ুব বলেন, ‘এই এলাকায় পার্কও নেই, খেলার মাঠও নেই। বশির উদ্দিন পার্কে একসময় নিয়মিত বেড়াতে যেতাম। ২০ বছর বা তারও বেশি সময় আগে পার্কটি বেড়ানোর অনুপযোগী হয়ে পড়েছে।’
পার্কটির বিষয়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ বলেন, ‘বশির উদ্দিন পার্কের ভেতরের জায়গা রিকশার গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। পার্কটির উন্নয়নে কাজ হবে বলে আমরা শুনেছি। তবে কবে হবে তা জানি না।’
ডিএসসিসির প্রকৌশল বিভাগ জানায়, ডিএসসিসির ‘বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ১৯টি পার্ক ও ১২টি খেলার মাঠ সংস্কার করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘এই প্রকল্পের আওতায় বেশ কিছু টেন্ডার হয়েছে, বেশ কিছুর ওয়ার্ক অর্ডার হয়েছে। তবে বশির উদ্দিন পার্কটির কাজ শুরু হয়নি। শিগগির এর কাজও শুরু হয়ে যাবে।’ তিনি বলেন, ২০১৮ সালের জুনের মধ্যে সব পার্ক ও খেলার মাঠের সংস্কারকাজ শেষ হবে। পার্কে যাঁরা ঘুরতে আসবেন, তাঁদের জন্য গণশৌচাগারের ব্যবস্থা থাকবে। মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পার্কে বেড়াতে পারেন, সে বিষয়টি খেয়াল রাখা হবে। যতটুকু জায়গা আছে তার মধ্যেই সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে।
এই পার্কের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, পার্কে কেউ কিছু রাখলে তা সরিয়ে দেওয়া হবে।