এটি বাস টার্মিনাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন সংস্কারের অভাবে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনালটির অবস্থা নাজুক হয়ে পড়েছে। ছবিটি রোববার বিকেলের l প্রথম আলো
দীর্ঘদিন সংস্কারের অভাবে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনালটির অবস্থা নাজুক হয়ে পড়েছে। ছবিটি রোববার বিকেলের l প্রথম আলো

ইটের খোয়া উঠে গেছে। একটু পরপরই খানাখন্দ। কোথাও বড় বড় গর্ত। সেখানে জমে আছে বৃষ্টির পানি। এখানে-সেখানে নোংরা পানি আর জলকাদা।
এ দৃশ্য সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালের। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা চললেও সমাধানে কোনো উদ্যোগ নেই। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের।
নগরের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের অবস্থান। এখান থেকে হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, নারায়ণগঞ্জ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের নানা স্থানে যাত্রীবাহী বাস চলাচল করে। কিন্তু গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির কয়েক বছর ধরে সংস্কার নেই।
গত রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, টার্মিনালজুড়ে অসংখ্য খানাখন্দ। কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি জমে আছে সেখানে। কোথাও কোথাও জলাবদ্ধতার মতো অবস্থা তৈরি হয়েছে।
কথা হয় হবিগঞ্জগামী একটি বাসের যাত্রী অহিদুর মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘পরিবার নিয়ে সিলেটে এসেছিলাম। বাড়ি ফিরে যাচ্ছি। টার্মিনালের নোংরা পানি মাড়িয়ে গাড়িতে উঠতে হয়েছে। নষ্ট হয়ে গেছে কাপড়চোপড়।’
হবিগঞ্জ ও মৌলভীবাজার রুটের কয়েকজন বাসচালক জানান, একটি বিভাগীয় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের এই দুরবস্থা দীর্ঘদিন ধরে চললেও সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেই। বিষয়টি একাধিকবার স্থানীয় পরিবহন সমিতি ও সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ বলেন, টার্মিনালটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও সংস্কার করা হচ্ছে না। সিটি করপোরেশন কর্তৃপক্ষকে অসংখ্যবার জানানো হয়েছে। টার্মিনালের বেহাল অবস্থায় যাত্রীরা বিমুখ হয়ে পড়ছেন।
জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘কেন্দ্রীয় বাস টার্মিনালটি সংস্কারের অভাবে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, এটি জেনেছি। বৃষ্টির মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টার্মিনালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’