সংবিধানের ষোড়শ সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক বলে মত দিয়েছেন সংবিধানপ্রণেতা কমিটির অন্যতম সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানিতে গতকাল সোমবার অ্যামিকাস কিউরি হিসেবে তিনি এ মত দেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে গতকাল নবম দিনের মতো শুনানি হয়।
এই মামলায় মতামত দিতে গত ৭ মার্চ জ্যেষ্ঠ ১২ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছিলেন আদালত। গতকাল পর্যন্ত অ্যামিকাস কিউরি হিসেবে আট আইনজীবী তাঁদের মতামত তুলে ধরলেন। তাঁদের সাতজনই ষোড়শ সংশোধনীর বিপক্ষে মত দিয়েছেন। আজ মঙ্গলবার শুনানির দিন রয়েছে।
ষোড়শ সংশোধনীকে বাতিল ও অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় পুরোপুরি সমর্থন করেন জানিয়ে কামাল হোসেন বলেন, অষ্টম সংশোধনী মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো। এ ছাড়া আরও কয়েকটি রায়ে বলা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। ষোড়শ সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতাকে খাটো করেছে। ষোড়শ সংশোধনী মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।
জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসির মত, সংসদের হাতে বিচারক অপসারণেরÿক্ষমতা দিয়ে যে সংশোধনী আনা হয়েছে, এটি কার্যকর সংশোধনী। এ সংশোধনীর মাধ্যমে আদি সংবিধানে ফিরে যাওয়া হয়েছে। এই সংশোধনী অবশ্যই আইনত বৈধ।
সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের মতে, বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের নিজস্ব প্রয়োজনে নয়, জনগণের অধিকার রক্ষার জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। এর আগে সুপ্রিম কোর্ট বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের একটি অপরিহার্য অংশ বলে রায় দিয়েছেন। ভারতসহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশে অনেক রায় হয়েছে, যেখানে বিচার বিভাগের স্বাধীনতাকে সংবিধানের মৌলিক কাঠামো বলা হয়েছে। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষায় বিচার বিভাগ স্বাধীন থাকবে।
অপর অ্যামিকাস কিউরি আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ষোড়শ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী। এতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। অপসারণের ক্ষমতা সংসদের কাছে থাকলে সংবিধানের মৌলিক কাঠামো নষ্ট ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।
১২ অ্যামিকাস কিউরির মধ্যে ইতিমধ্যে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, এম আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও এম আই ফারুকী এর আগে আদালতে তাঁদের মতামত দিয়েছেন।