এটি হত্যাকাণ্ড: তথ্যমন্ত্রী
সাভারের রানা প্লাজা ধসের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ এবং ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কুষ্টিয়া সার্কিট হাউসে গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ধসে পড়ার আগের দিনই রানা প্লাজা ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। পোশাকশিল্পের মালিকেরা বুধবার সকালে কারখানা চালু করে সেখানে কয়েক হাজার শ্রমিককে কাজে যোগ দিতে বাধ্য করেন। এই অপরাধের শাস্তি এড়ানো যাবে না।এর আগে একই স্থানে সকালে সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, সাভারের রানা প্লাজা ধসের ঘটনা দুর্ঘটনা নয়, এটা একটা হত্যাকাণ্ড। শুধু মুনাফার লোভে পরিত্যক্ত ভবনে শ্রমিকদের কাজে ঢোকানো বড় ধরনের অপরাধ।ভবনধসের কারণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, কে কী বললেন, সেটা বড় কথা নয়। এ ঘটনার সঙ্গে সরকার বা বিরোধী দলের কোনো সম্পর্ক নেই।