এটি হবে ক্ষমতার ভাগ-বাঁটোয়ারার রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতেখারুজ্জামান
ইফতেখারুজ্জামান

সব দলের অংশ-গ্রহণে সরকার গঠন করা হলে, গণতান্ত্রিক শাসন-ব্যবস্থার অন্যতম মৌলিক উপাদান বিরোধী দল থাকে না। তাতে সরকারের ভুল-ভ্রান্তি উন্মোচন ও জবাবদিহির ক্ষেত্র সংকুচিত হবে, যা গণতন্ত্রের ধারণার বিপরীত।
সংসদীয় গণতন্ত্রে সরকারের জবাবদিহির সর্বোচ্চ জায়গা হলো জাতীয় সংসদ, সংসদীয় কমিটিগুলো। বিরোধী দল সংসদে ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমে অংশ নিয়ে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে।
কিন্তু সংসদে যদি বিরোধী দল না থাকে, সব দলই সরকারের অংশ হয়ে যায়, তাহলে সেই সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে কারা। আর সরকারের জবাবদিহি যদি না থাকে বা জবাবদিহির ক্ষেত্রটি সংকুচিত হয়, তাহলে কার্যকর গণতন্ত্র থাকতে পারে না।
অবশ্য সর্বদলীয় সরকারের একটি ধারণা প্রচলিত আছে। একে জাতীয় ঐকমত্যের সরকারও বলা যায়। সে ধরনের সরকার হতে পারে। কিন্তু সেটা করতে হলে নির্বাচনের সময়ই এ ধরনের সরকার গঠন করা হবে বলে ঘোষণা করে জনগণের রায় নিতে হয়।
জনগণের কাছ থেকে জাতীয় ঐকমত্যের সরকারের বিষয়ে সুনির্দিষ্ট ম্যান্ডেট না নিয়ে এ ধরনের সরকার গঠন বাস্তবে ক্ষমতার ভাগ-বাঁটোয়ারার রাজনীতির পরিচায়ক। অন্যদিকে এর ফলে জবাবদিহির ঊর্ধ্বে থেকে অবারিত ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি হতে পারে।
এ ধরনের সরকার গঠন করা হলে বিরোধী দলের সংসদ বর্জনের নির্লজ্জ সংস্কৃতির সঙ্গে যুক্ত হবে ‘সংসদীয় ক্যাঙারু দলের নাটকীয়তা’।
ইফতেখারুজ্জামান: টিআইবির নির্বাহী পরিচালক।